
বিএনপিকে ছাড়াই ১৯৮৬ সালের আদলে দশম জাতীয় সংসদ নির্বাচন করার দিকে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকার ও দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করলেও যাতে অন্যান্য দলকে নিয়ে নির্বাচন করে অন্তত দুই বছর টিকে থাকা যায়, সে জন্যই ছিয়াশির আদলে ছক কষা হচ্ছে। এ জন্য এইচ এম এরশাদের জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।
এরশাদ সরকারের আমলে ১৯৮৬ সালে অনুষ্ঠিত নির্বাচন বিএনপি বর্জন করলেও আওয়ামী লীগ, জামায়াতসহ অন্যান্য দল অংশগ্রহণ করে। ওই নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় পার্টিই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। বিরোধী দলের আসনে বসে আওয়ামী লীগ। আর ওই সংসদ টিকে ছিল দুই বছর। তবে ওই নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নিলেও এবারের নির্বাচনে জামায়াতকে আনার বিষয়ে এখন কোনো চেষ্টা-তত্পরতা নেই। এর পরিবর্তে প্রধান বিরোধী দল বিএনপির কিছু নেতাকে এবং বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক ছোট কয়েকটি দলকে চাপ কিংবা প্রলোভনে ফেলে নির্বাচনে আনার চেষ্টা রয়েছে।
অবশ্য এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সরকার এখনো চায়, বিরোধী দল নির্বাচনে আসুক। সরকার একা নির্বাচন করতে চায় না। আশা করছি, বিরোধী দল আসবে।’
বিরোধী দল যদি না আসে তা হলে কী হবে—এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যদি শব্দটা নদীতে ফেলে দেন। বিএনপি তো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়নি। পরে তো করেছে।’ আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা বলেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সরকারকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির আদলে একটা নির্বাচন করার দিকে ঠেলে দিতে চাইছেন। যাতে নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা না পায়। কিন্তু সরকার প্রথম থেকেই এ ব্যাপারে সজাগ। এ জন্য প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন। ছোট-বড় যা-ই হোক, কত বেশিসংখ্যক দলের অংশগ্রহণে নির্বাচন করা যায়, সে চেষ্টা চলছে।
১৫ ফেব্রুয়ারির ওই নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী বর্জন করেছিল। একতরফা নির্বাচন করে বিএনপি সরকার গঠন করলেও এক মাসের বেশি থাকতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস করে অল্প কদিনের মধ্যে ওই সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে বাধ্য হয় বিএনপি।
সরকারি দলের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, ১৯৮৬ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ছিল প্রধান বিরোধী দলের আসনে। এবার জাতীয় পার্টিকে সেই ভূমিকা রাখার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। গণপ্রতিনিধিত্ব আদেশও সরকারের এই পরিকল্পনার পক্ষে সহায়ক হবে। এর ফলে বিএনপি বা ১৮-দলীয় জোট থেকে বের করে আনা নেতাদের সরকার চাইলে জাতীয় পার্টি থেকেও প্রার্থী করাতে পারবে।
যদিও এখন পর্যন্ত এরশাদ প্রকাশ্যে বলে আসছেন, বিএনপি অংশ না নিলে সেই নির্বাচনে তাঁর দলও যাবে না। তার পরও সরকারি দলের উচ্চপর্যায় থেকে মনে করা হচ্ছে, এরশাদ শেষ মুহূর্তে নির্বাচনে আসবেন। তার পরও এরশাদ না এলে সে ক্ষেত্রে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলগুলোকে আলাদাভাবে ভোটে নামানো হবে। ছোট ছোট এসব দলের মধ্যে ব্যাপক পরিচিত আছে—এমন নেতাদের একজনকে বিরোধী দলের নেতা বানানো হবে। আর বিএনপির নেতাদের মধ্য থেকে যাঁদের বাগে আনা যাবে, তাঁদের স্বতন্ত্র প্রার্থী করার চিন্তা রয়েছে।
তবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মনে করেন, ভালো নির্বাচন করতে হলে সব দলের অংশগ্রহণে নির্বাচন করা উচিত। তিনি প্রথম আলোকে বলেন, ১৯৮৬-এর আদলে যদি নির্বাচন হয়, তার গ্রহণযোগ্যতার বিষয়ে নানা উপাদান কাজ করবে। এর মধ্যে অন্যতম হলো ভোটারদের অংশগ্রহণ। গত কয়েকটি নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন। এ নির্বাচনে যদি ভোটার উপস্থিতি এর চেয়ে অনেক কম হয়, তাহলে গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠবে।
আওয়ামী লীগের নেতারা মনে করেন, নির্বাচন প্রতিহত করার মতো সাংগঠনিক ক্ষমতা বিএনপির নেই। এ অবস্থায় ভোটকেন্দ্রে ৫০ শতাংশের ওপরে ভোটার আনতে পারলে সে নির্বাচনকে বিদেশিদের কাছে কিছুটা বিশ্বাসযোগ্য করা যাবে। যা গত সোমবার ১৪ দলের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমও বলেছেন। তিনি বলেন, নির্বাচনে কতগুলো দল এল, সেটা বড় বিষয় নয়। সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই নির্বাচন বিশ্বাসযোগ্য হয়। আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য হবে।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, এর পরও কোনো কারণে নির্বাচন সম্ভব না হলে রাষ্ট্রপতিকে দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করার চিন্তা রয়েছে। সে ক্ষেত্রে সরকার ও সংসদ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকবে। এ জন্য সরকার নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত না করার কৌশল নিয়েছে।