ছুটি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী এলাকায় একটি পোশাক কারখানার রেখা আক্তার নামের একজন নারীশ্রমিক কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের কাছে বারবার ছুটির আবেদন করেও পাননি তিনি। গতকাল বৃহস্পতিবার চিরকালের জন্য ছুটি মিলেছে রেখার।কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গী এলাকার সেনা কল্যাণ সংস্থার ভবনের পঞ্চম তলায় এক্সপোর্ট নিটওয়্যার লিমিটেডের সুইং অপারেটর ছিলেন রেখা (২৫)। গতকাল সকালে হঠাৎ অচেতন হয়ে কারখানার মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে মারা যান রেখা। তাঁর মৃত্যুর খবর শুনে কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে বিকেল পাঁচটার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে শিল্প পুলিশ ও টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাড়ে পাঁচটার দিকে ওই সড়কে আবার যান চলাচল শুরু হয়। ছুটি না দেওয়ার অভিযোগ অস্বীকার করে কারখানার মহাব্যবস্থাপক এম আলী তপন প্রথম আলোকে বলেন, রেখা তাঁদের কাছে ছুটির জন্য আবেদনই করেননি। তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।