পদ্মার বুক চিরে এগিয়ে চলেছে স্বর্ণদ্বীপ-৮ লঞ্চটি। লঞ্চে গাদাগাদি করা যাত্রী নেই, নেই চিরাচরিত হট্টগোলও। শুধু নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে শোনা যাচ্ছে নারীকণ্ঠের আর্তনাদ। ফাতেমা বেগম তাঁর একমাত্র মেয়ের লাশ নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। সঙ্গে আছে পরিবারের আরও পাঁচটি মরদেহ।ঢাকার কেরানীগঞ্জে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের নয় সদস্যসহ ১২ জন। ইট-কাঠ-বালুর নিষ্প্রাণ শহর থেকে একটু স্বস্তি পেতে গ্রীষ্মের ছুটিতে বাচ্চাদের নিয়ে তাঁরা যাচ্ছিলেন শরীয়তপুরে। কিন্তু ছুটি কাটাতে যাওয়ার পথে তাঁদের জীবন থেকেই ছুটি হয়ে গেল।নিহতদের স্বজন আবদুস সোবহান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে। তাই খালাতো ভাই-বোনদের সঙ্গে নানাবাড়ি যাওয়ার বায়না ধরেছিল ফাতেমা বেগমের একমাত্র মেয়ে তাজরিয়াও। ব্যস্ততার কারণে নিজেরা যেতে না পারায়, খালাদের সঙ্গেই পাঠিয়ে দেন পঞ্চম শ্রেণীর ছাত্রী তাজরিয়াকে। সোবহান বলেন, ব্যস্ততা ফেলে শেষ পর্যন্ত ফাতেমাকে আসতেই হলো। সেই আসা—প্রাণপ্রিয় সন্তানকে শেষনিদ্রায় শায়িত করতে। দুর্ঘটনায় নিহত নয়জনই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির সর্দারের স্বজন। ফাতেমা বেগম জাকিরের বোন। জাকিরের বাড়িতেই যাচ্ছিলেন সবাই। বছর খানেক পর পরিবারের প্রায় সব সদস্যকে একত্রে পাওয়ার আনন্দে উদ্বেল ছিলেন জাকির। কিন্তু মুহূর্তেই তা বিষাদে পরিণত হয়। দুর্ঘটনায় তিনি হারিয়েছেন স্ত্রী-কন্যাকে।রাজধানীর পশ্চিম রাজাবাজারের পাশাপাশি তিনটি ভবনের বাসিন্দা ছিলেন নিহত ব্যক্তিরা। গতকাল সকাল থেকেই ওই এলাকা ছিল অনেকটাই নীরব। পশ্চিম রাজাবাজারের ৪৩/আর/১০ নম্বর ভবনে থাকতেন জাকির সর্দারের ছোট বোন রোজিনের স্বামী রেজাউল আমিন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে গিয়ে কথা হয় ব্যবস্থাপক মো. কবিরের সঙ্গে। কবির বলেন, ‘রেজাউল আমিন, ওনার স্ত্রী, ছেলে ইয়াস ও মেয়ে ইশরাত এবং দুজন গৃহকর্মীর কেউই বাঁইচা নাই। কার লগে কথা কইবেন? বাসাও তালা মারা।’ ব্যাংক কর্মকর্তা রেজাউল আমিনকে সপরিবারে নিয়ে যাওয়া হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে। সেখানেই সমাহিত হওয়ার কথা তাঁদের।ঘটনা শোনার পর থেকেই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগরের সরদারকান্দি গ্রামে নিহত ব্যক্তিদের পরিবারে মাতম চলছে। জাকির সর্দার বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছেন। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চলছে।