ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ, আজও চাপ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবারও কর্মস্থলে ফেরা, শুরু কাজের ব্যস্ততা। গতকাল সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা ছবি l প্রথম আলো
ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবারও কর্মস্থলে ফেরা, শুরু কাজের ব্যস্ততা। গতকাল সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা ছবি l প্রথম আলো

ঈদুল ফিতরের তিন দিনের ছুটির পর গত বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও অনেকেই বাড়তি ছুটি নিয়েছিলেন। গতকাল শুক্রবার তাঁদের একটি অংশ ঢাকায় ফিরেছে। আজ শনিবারও ঢাকামুখী এই জনস্রোত অব্যাহত থাকবে। যাত্রীদের বাড়তি চাপ থাকবে বাস, ট্রেন, লঞ্চে।
গতকাল পর্যন্ত মহাসড়কগুলোতে যানবাহনের আধিক্য মোটামুটি কম থাকলেও আজ বাড়বে বলে মালিক-চালকেরা মনে করছেন। নগরের তিনটি বাস টার্মিনালসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে ফিরে আসবে আগের চেহারা। গতকাল দেখা যায়, ছোট-বড় লাগেজ ও ব্যাগ নিয়ে যাত্রীরা বিভিন্ন বাস থেকে টার্মিনালে নামছেন। নিউ এলিগেন্স ট্রাভেলস, মডার্ন এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, আগমনী এক্সপ্রেস, এস আর ট্রাভেলস, টি আর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজের বিভিন্ন কাউন্টারের সামনে যাত্রীদের নামতে দেখা যায়।
গাবতলী বাস টার্মিনালে কথা হলো দিনাজপুর থেকে শ্যামলী পরিবহনে সপরিবারে আসা যাত্রী চাকরিজীবী আবদুন নূরের সঙ্গে। বাড়ি যাওয়ার সময় রাস্তায় কিছুটা যানজটের কথা বললেন তিনি। তাঁর কথা, ভোগান্তিও ছিল। তার পরও ঈদের আনন্দ সবকিছু ছাপিয়ে ছিল। তিনি বলেন, ঢাকা ফিরে এসে আবার ব্যস্ত জীবনে প্রবেশ করতে হবে।
মাগুরা থেকে হানিফ পরিবহনে আসা যাত্রী ওয়াহিদুর রহমান বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে বলেন, প্রতিবছরের মতো এবারও ঘোষণা এবং বাস্তবে মিল পাওয়া যায়নি।
গাবতলীতে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আবদুর রহমান দাবি করেন, টিকিটের দাম বেশি নেওয়া হয়নি। সারা বছর কম নেওয়া হয়, ঈদের সময় নেওয়া হয় প্রকৃত ভাড়া। তিনি দাবি করেন, যাত্রীরা নিরাপদে ঢাকায় ফিরে আসছেন।
ট্রেন: গতকাল দুপুরে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময়ের মোটামুটি কাছাকাছি সময়েই ঢাকায় ফিরে আসছে। চট্টগ্রামের তূর্ণা নিশীথা ঢাকায় পৌঁছায় সকাল সাড়ে ছয়টার দিকে। মহানগর প্রভাতী আসে বেলা দুইটায়। সুবর্ণ এক্সপ্রেস গতকাল চলাচল করেনি। কমলাপুরের স্টেশনমাস্টার নৃপেন্দ্র সাহা বলেন, খুলনার ট্রেনগুলোতে সময়ের কিছুটা হেরফের থাকলেও অন্যগুলো মোটামুটি সঠিক সময়েই আসছে এবং ছেড়ে যাচ্ছে।
এসব ট্রেনে ভিড়ও ছিল প্রচুর। ছিল ভোগান্তি। চট্টগ্রাম থেকে আসা মহানগর প্রভাতীর যাত্রী আবদুল্লাহ আল মামুন বলেন, কাউন্টারে না পেয়ে টিকিট সংগ্রহ করেছেন বাড়তি টাকায়। তার পরও পরিবার নিয়ে ফিরেছেন অস্বস্তির মধ্যে। প্রচুর দাঁড়ানো যাত্রী ছিলেন। টিকিট ছাড়াও অনেকে ভ্রমণ করেছেন কম্পার্টমেন্টে দায়িত্বে থাকা লোকদের খুশি করে। ভিড়ের জন্য টয়লেটে যাওয়া-আসাও ছিল দুষ্কর।
লঞ্চ: গতকাল ভোররাত সাড়ে তিনটা থেকে দুপুর ১২টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে ৬৭টি লঞ্চ পৌঁছায়। দক্ষিণাঞ্চল থেকে আসা সব লঞ্চে যাত্রী বোঝাই ছিল। যাত্রীরা টার্মিনালে এসে যানবাহন না পাওয়া, লঞ্চে বাড়তি ভাড়া নেওয়া এবং কুলিদের দৌরাত্ম্যের অভিযোগ করেন। তার পরও আগের বছরগুলোর তুলনায় এবারের ঈদে বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেছেন বলে জানান কেউ কেউ।
সুন্দরবন লঞ্চে আসা যাত্রী আবদুর রাজ্জাক বলেন, বরিশাল থেকে ঢাকা আসতে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৪০-৫০ টাকা করে বেশি ভাড়া নেওয়া হয়। তবে অভ্যন্তরীণ নৌ-চলাচল (যা-প) সংস্থা ঢাকা নদীবন্দরের আহ্বায়ক সিদ্দিকুর রহমান বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
সদরঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক সামসুল আলম জানান, দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ তৎপর রয়েছে। সদরঘাট টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা ও হয়রানি রোধে ৫ আগস্ট পর্যন্ত অতিরিক্ত পুলিশ দায়িত্বে থাকবে।