ছুটি চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের ছুটি চেয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে লিখিত আবেদন করেছে বরগুনার পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
গতকাল বৃহস্পতিবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ছুটির আবেদনটি প্রধান শিক্ষককের কাছে পৌঁছে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, আজ শুক্রবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে ছয় দিনের জন্য গ্রীষ্মের ছুটি নির্ধারিত ছিল। কিন্তু গতকাল শিক্ষা অধিদপ্তরের নির্দেশ থেকে জানতে পারেন, এই ছুটি স্থগিত করা হয়েছে। তাই আগামী শনিবার থেকে যথারীতি বিদ্যালয়ের পাঠদান চলবে বলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষক সালমা বেগম বলেন, গ্রীষ্মের ছুটি বাতিল হওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে এর কারণ জানতে চায়। একই সঙ্গে তারা ২৩ থেকে ২৭ মে পর্যন্ত ছয় দিনের ছুটি চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে লিখিত আবেদন করে।
এ ব্যাপারে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুম্মা আকতার বলে, কিছুদিন আগে তাদের প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়েছে। তখন শিক্ষকেরা জানিয়েছিলেন, গ্রীষ্মের ছুটিতে ২২ মে থেকে ছয় দিন বিদ্যালয় বন্ধ থাকবে। এখন তাঁরা বলছেন, ছুটি নেই। এই গরমে ক্লাস করা খুবই কষ্টকর।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, শিক্ষা অধিদপ্তরের নির্দেশে গ্রীষ্মের ছুটি স্থগিত করা হয়েছে। তবে জুন মাসে পবিত্র রমজানের বন্ধের সঙ্গে মিল করে গ্রীষ্মের ছুটি দেওয়া হতে পারে।