হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুটি স্বাস্থ্যকেন্দ্রের দুই চিকিৎসা কর্মকর্তা ছুটি ছাড়াই বছরের পর বছর বিদেশে অবস্থান করছেন। একজন ১২ বছর ও অপরজন আট বছর কর্মস্থলে অনুপস্থিত। এর পরও তাঁরা নিজস্ব পদে বহাল আছেন। তবে বিদেশ যাওয়ার পর থেকে তাঁদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তাঁদের জায়গায় অন্য কোনো কর্মকর্তা যোগ না দেওয়ায় দিনের পর দিন যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে কেন্দ্রগুলোতে আসা রোগীরা। বর্তমানে চিকিৎসা সহকারীরাই এসব কেন্দ্রে সেবা দিয়ে যাচ্ছেন। এই চিকিৎসা কর্মকর্তারা হলেন: জগদীশপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা রেহেনা ইয়াছমিন এবং ছাতিয়াইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আলী আজম।জগদীশপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, রেহেনা ইয়াছমিন ১৯৯৯ সালের ১ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি একটি ছুটির আবেদন জমা দিয়ে বিদেশ চলে গেছেন। কিন্তু তাঁর আবেদন এখনো মঞ্জুর হয়নি। এতে ওই কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা না থাকার বিষয়টি নথিবদ্ধ হয়নি। এ কারণে ওই পদে কোনো শূন্যতাও সৃষ্টি হয়নি। ফলে কর্তৃপক্ষ সেখানে নতুন কোনো চিকিৎসক নিয়োগ করেনি। এভাবে ওই চিকিৎসাকেন্দ্রে এক যুগ ধরে চিকিৎসা কর্মকর্তা নেই।ছাতিয়াইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১ অক্টোবর আলী আজম ছুটির আবেদন জমা দিয়ে বিদেশে যান। তাঁর এই আবেদনও মঞ্জুর হয়নি। কাজেই একই কারণে আট বছর ধরে ওই কেন্দ্রে চিকিৎসক নেই। গত বুধবার সরেজমিনে দেখা যায়, ছাতিয়াইন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসা সহকারী জাহেদুল ইসলাম বহির্বিভাগের রোগীদের চিকিৎসা দিচ্ছেন। জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে ওই কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা নেই। এই দায়িত্ব এখন তিনিই পালন করছেন। কেন্দ্রটিতে ছাতিয়াইন ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মণ্ডল ও চাপরতলা ইউনিয়নের রোগীদের প্রচণ্ড চাপ রয়েছে। দৈনিক শতাধিক রোগীর চিকিৎসা দিতে হচ্ছে।ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, চিকিৎসকের অভাবে ওই কেন্দ্রে এখন জটিল রোগে আক্রান্ত কোনো রোগীর চিকিৎসা হয় না। এ কারণে রোগীদের যেতে হয় ২০ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে। জগদীশপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসা সহকারী মীর ইফতেখার উদ্দিন ও কমল কৃষ্ণ সাহা।কমল কৃষ্ণ সাহা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে চিকিৎসক নেই। মীর ইফতেখার উদ্দিন বলেন, চিকিৎসা কর্মকর্তা ছুটির আবেদন দিয়ে বিদেশে চলে গেছেন।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা বলেন, জগদীশপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা রেহেনা ইয়াছমিন বর্তমানে কানাডায় এবং ছাতিয়াইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আলী আজম জাপানে আছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ নিবারণ চন্দ্র পাল বলেন, ওই দুই চিকিৎসা কর্মকর্তা ছুটির আবেদন দিয়ে বিদেশে চলে গেছেন। তাঁদের ছুটির আবেদন এখনো মঞ্জুর হয়নি। এ জন্য তাঁদের কারও পদ শূন্য বলে ঘোষণা করা যাচ্ছে না। অবশ্য তাঁরা বেতনও পাচ্ছেন না। তবে পদ শূন্য নয় বলে এসব পদে কোনো চিকিৎসা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুখলাল সরকার প্রথম আলোকে বলেন, অনুপস্থিত চিকিৎসা কর্মকর্তাদের ব্যাপারে প্রতি মাসেই ঊর্ধ্বতন (সিভিল সার্জন) কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। এ ব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন শফিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছুটি অনুমোদন ছাড়াই ওই দুই চিকিৎসা কর্মকর্তা বিদেশ চলে গেছেন। তাঁদের ব্যাপারে প্রতি মাসেই ঊর্ধ্বতন (ডিজি) কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়।