ছুটি না নিয়ে অনুপস্থিত ২০ দিন নির্বাচনে ব্যস্ত শিক্ষা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক ছুটি না নিয়েই ২০ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জেলা শিক্ষা কর্মকর্তা চিঠি দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রামাণিক ৩ থেকে ৬ জুলাই নৈমিত্তিক ছুটিতে ছিলেন। এরপর ছুটি না নিয়েই ২০ দিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তিনি বাংলাদেশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন। ২৯ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সাইফুল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে উত্থাপিত নানা অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জেলা শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম ১৭ জুলাই চিঠি পাঠিয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সাইফুল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে কার্যালয়ের নৈশপ্রহরী ফেরদৌস আলম, অফিস সহকারী ও ডেটা এন্ট্রি অপারেটর সামছুন্নাহার বেগম ও এমএলএসএস পশিরুল হক যৌথভাবে ৪ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ২০১০-১১ অর্থবছরের ভ্রমণভাতা অনুমোদনের জন্য মোট বিলের অর্ধেক টাকা না দেওয়ায় ইচ্ছাকৃতভাবে তাঁদের বিলগুলো সাইফুল শেষ মুহূর্তে জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিয়েছেন। তবে বিলে স্বাক্ষরের তারিখ ২২ জুন উল্লেখ করা হলেও ৩০ জুন ওই বিলে স্বাক্ষর করেন তিনি। এ কারণে তাঁরা বিল তুলতে পারেননি।জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের নিরীক্ষা অধিক্ষক (অডিট সুপারিনটেনডেন্ট) সাইফুল ইসলাম ফাতেমী বলেন, ৩০ জুন রাত ১১টার পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মোকলেছুর রহমান বিল নিয়ে অফিসে আসেন। তিনি বলেন, বিলে অনেক ত্রুটি-বিচ্যুতি ছিল এবং সময় পার হয়ে যাওয়ায় বিলটি গ্রহণ করা সম্ভব হয়নি।সাইফুল ইসলাম প্রামাণিক ওই তিনজন কর্মচারীর ভ্রমণবিল জেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে ফেরত আসার কথা স্বীকার করে বলেন, ‘আমি ৩০ জুন রাত সোয়া নয়টায় স্বাক্ষর করে জেলা হিসাবরক্ষণ অফিসে পাঠিয়েছিলাম।’ বিলে স্বাক্ষরের তারিখ ২২ জুন লেখার কারণ জিজ্ঞেস করলে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। বিলের জন্য ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘ওরা ভ্রমণবিলের টাকা না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।’ ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমি নির্বাচনের কাজে এখন ব্যস্ত। নির্বাচন হয়ে গেলেই লালমনিরহাটে নিয়মিত থাকব।’জেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা শামছুল আলম বলেন, ‘সাইফুল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে ওই সব কর্মচারীর লিখিত অভিযোগ এবং ২০ দিন ধরে কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয় জানিয়ে ১৭ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জরুরি চিঠি দিয়েছি।’