
সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পাশে একটা মৃতপ্রায় পুকুর আছে। বইমেলার মাঝখানে দাঁড়ালে সেই পুকুরের পাড় থেকে উঁকি দেয় পলাশ। পলাশের লাল স্যালুট দোলা দিয়ে যায় তরুণ-তরুণীদের মনে। এমনই এক তরুণ গতকাল উদ্যানের মাঝে হাঁটতে হাঁটতে আনমনে গাইছিলেন ‘পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস...।’
মেলা এখন ভরা যৌবনে। একুশের পর থেকেই ভিড়। আর এখন ভিড়টা মূলত বইক্রেতাদের।
সারা বছরের অর্জিত ছুটি জমিয়ে শুধু মেলার টানেই ঢাকায় এসেছেন চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক ফরিদা ইয়াসমিন সুমি। প্রকাশনা সংস্থা অনন্যার স্টলের সামনে তাঁর সঙ্গে কথা হলো। জানালেন, মেলায় এবার তাঁর চারটি বই বেরিয়েছে। অনন্যা থেকে তুমি তেমনই রবে আমার, তুমি আর আমি এবং অ্যাডর্ন থেকে চলো, ভালোবাসি ও প্রজাপতি মন।
মেলায় এমন অনেক লেখক-পাঠকের দেখা মেলে, যাঁরা শুধু বইমেলাকে কেন্দ্র করে ঢাকায় আসেন। আত্মীয়ের বাসা কিংবা হোটেলে ওঠেন। প্রতিদিন বিকেলে নিয়ম করে চলে আসেন মেলায়।
লেখক জাকির তালুকদারের সঙ্গে দেখা হলো গ্রন্থ কুটিরের সামনে। এই প্রকাশনা থেকে এসেছে তাঁর প্রবন্ধ সংকলন নির্বাচিত প্রবন্ধ। সমকালীন এই লেখক জানালেন, গতকাল নিয়ে চার দিন মেলায় এসেছেন। জন্মস্থান নাটোরেই বেশির ভাগ সময় থাকেন। চেষ্টা করছেন মেলার সময়টায় ঢাকায় থাকার জন্য।
গুণী লেখক হরিশংকর জলদাস থাকেন চট্টগ্রামে। মাসের শুরুতে ঢাকায় এসেছিলেন মেলায় অংশ নেওয়ার জন্য। ফোনে চট্টগ্রাম থেকে জানালেন, শেষ সপ্তাহে আবারও আসবেন মেলায়।
বেশ কিছু পাঠকের সঙ্গে গতকাল দেখা হলো, যাঁরা শুধু নতুন বইয়ের গন্ধে ঢাকায় চলে এসেছেন। যেমন রাজশাহীর মিন্টু কুমার নাথ, ভোলার মোহাম্মদ লিটন, ফেনীর ফকরুল ইসলাম, কিশোরগঞ্জের সফিকুল বারী, নরসিংদীর সাইফুলসহ আরও অনেকে। সবার হাতে বইয়ের তালিকা। সেই তালিকা ধরে বই কিনছেন কেউ কেউ। জানা গেল, সবাই কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে ঢাকায় এসেছেন বইমেলাকে উদ্দেশ করে।
চৈতন্য প্রকাশনীর রাজীব চৌধুরী জানালেন, তাঁদের প্রকাশনার সব কাজই সিলেটে হয়। তিন বছর আগে লিটলম্যাগ চত্বরে অংশ নেওয়ার মধ্য দিয়ে শুরু। এবার দুটি স্টল নিয়ে সাজানো চৈতন্যের স্টলে শতাধিক নতুন বই এনেছেন। আছে পুরোনো আরও অনেক বই। শুধু মেলায় অংশ নেওয়ার জন্য ঢাকায় এসেছেন দলবলে।
বইয়ের প্রকাশনা ও বিক্রয় প্রতিষ্ঠান বাতিঘরের মূল কার্যক্রম চট্টগ্রামে। বাতিঘরের উদ্যোক্তা দীপঙ্কর দাশ জানান, এ নিয়ে দ্বিতীয়বারের মতো বইমেলায় অংশ নিচ্ছেন তাঁরা। চট্টগ্রামে তাঁদের কেন্দ্র হলেও প্রকাশনার ক্ষেত্রে জাতীয় ভাবনা থেকেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
লেখক ও স্থপতি শাকুর মজিদ গতকাল প্রথমবার মেলায় এসেছেন। বললেন, ‘বাঙালি এই মেলাকে প্রাণ দিয়েই গ্রহণ করেছে। বইয়ের মগ্ন ও মননশীল পাঠককুল হয়তো মেলার মুখ্য উদ্দেশ্যকে ছাপিয়ে নেহাত ঘুরে বেড়ানো নির্দ্বিধায় মেনে নিতে পারেন না। তবে তাঁরা এর মধ্য থেকেই ভিড় এড়িয়ে নিজেদের কার্যসিদ্ধি বা বইয়ের খোঁজে সচেষ্ট থাকেন।’
মেলায় গতকাল দেখা গেল শাহাদুজ্জামান, মোহিত কামালসহ আরও বেশ কয়েকজন লেখককে।
গতকাল নতুন বই এসেছে ৮২টি এবং ৪১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর আমাদের শরীর এবং শরিফুল ইসলাম ভূঁইয়ার পেত্বির মেয়ে গুলগুলা। এ ছাড়া মেলায় পাঠক সমাবেশ এনেছে কামাল চৌধুরীর কন্যাকে নিয়ে লেখা। চন্দ্রাবতী একাডেমি এনেছে মঞ্জু সরকারের অচল ঘাটের আখ্যান। সময় প্রকাশন এনেছে ইকবাল হাসানের আলো আঁধারে কয়েকটি সোনালি মাছ। পাঞ্জেরী প্রকাশন এনেছে মকবুল আহমেদের আমার প্রথম পাঠ। রূপ প্রকাশন এনেছে রণজিৎ সরকারের ক্যাম্পাসের প্রিয়তমা। কথাপ্রকাশ এনেছে আশিক মুস্তাফার ভূত চটেং আর কানা চটেং।
বিকেলে মেলামঞ্চে অনুষ্ঠিত হয় ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি: বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক জিনাত হুদা অহিদ। আলোচনায় অংশগ্রহণ করেন মো. আবুল কাসেম এবং শাহিনুর রহমান। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার কর্মীরা পরিবেশনায় অংশ নেন। গান শোনান শিল্পী কাদেরী কিবরিয়া, তপন মাহমুদ, শামা রহমান, মহিউজ্জামান চৌধুরী, নীলোত্পল সাধ্য ও শিখা আহমাদ।