সাত দিনের ছুটিতে যাওয়ার এক দিন পর গতকাল রোববার কাজে যোগ দিয়েছেন ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান। এর প্রতিবাদে কলেজের ছাত্রীরা গতকাল কলেজ ক্যাম্পাসে আবারও বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের অপসারণ চেয়েছে।এদিকে কলেজের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে গতকাল সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন এবং বোর্ডের উপসচিব এ এস কামাল হায়দার কলেজে যান। তাঁরা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রীদের বক্তব্য শুনেন। অধ্যক্ষ মাহফুজুর রহমান জানান, তিনি গত শনিবার সকালে সাত দিনের ছুটি নিয়ে ঢাকা যান। ওই দিন দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব তাঁকে ফোন করে গতকাল রোববার সকালে তদন্ত করতে চেয়ারম্যানের কলেজে আসার কথা জানান। এ খবরে গতকাল তিনি দাপ্তরিক প্রয়োজনে কলেজে যোগদান করেন।তদন্তকারী দল কলেজ ত্যাগ করার পর বেলা একটার দিকে অধ্যক্ষ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আন্দোলনে ছাত্রীদের প্ররোচিত করা হয়েছে। কলেজের ভেতর-বাইরে থেকে ইন্ধন দেওয়া হয়েছে। এ কারণে গত বুধবার কলেজে অনভিপ্রেত ঘটনা ঘটেছে।’অধ্যক্ষ বলেন, ‘জেলা প্রশাসক গত বুধবার ১০ সদস্যের যে কমিটি করেছেন, তা করার এখতিয়ার তাঁর আছে কি না, আমার জানা নেই। কেননা, সরকারি কলেজগুলো চলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে, সেখানে জেলা প্রশাসকের কোনো কর্তৃত্ব নেই।’গত শনিবার কলেজ হোস্টেলের এক ছাত্রী অসুস্থ হলে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার কলেজে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনা জানিয়ে অধ্যক্ষ বলেন, ‘ইউএনও কোন ক্ষমতাবলে এ কাজটি করেছেন, তা আমার বোধগম্য নয়।’যোগাযোগ করা হলে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুণ চন্দ্র মহোত্তম জেলা প্রশাসনের এখতিয়ার-সম্পর্কিত অধ্যক্ষের বক্তব্য নাকচ করে দেন। তিনি বলেন, কলেজে একটা দুর্ঘটনা ঘটেছে। জেলা প্রশাসক জেলার সব বিষয়ে দেখেন। এ কারণেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।ছাত্রীকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে ইউএনও রাহিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘কলেজের অসুস্থ একটি মেয়েকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেছি। এ ব্যাপারে আমার ক্ষমতা আছে কি না, তা নিয়ে ভাবিনি।’তদন্ত কমিটির প্রধান ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমি সম্প্রতি কোনো বিষয়ে তদন্তে আসিনি। পুরোনো কয়েকটি অভিযোগ খতিয়ে দেখতে এসেছিলাম। ছাত্রীরা আমাকে কাছে পেয়ে স্লোগান দিয়েছে। তাদের মনোভাবে মনে হয়েছে, তারা অধ্যক্ষকে ওই কলেজে আর চাইছে না। ছাত্রীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, অধ্যক্ষের আচরণগত সমস্যা আছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।’প্রসঙ্গত, অধ্যক্ষের অপসারণসহ ১০ দফা দাবিতে সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রীদের বিক্ষোভ ও অবরোধের মুখে গত বুধবার রাতে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ আন্দোলনরত ছাত্রী, অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার পর তিনি অধ্যক্ষকে সাত দিনের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত দিয়ে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।