বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের ছুটি শেষ হলেও বেশির ভাগ চিকিৎসক ও সেবিকা অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি গত বৃহস্পতিবার খোলার দিনেও তাঁদের উপস্থিতি কম ছিল। এতে সাধারণ রোগীরা মারাত্মক দুর্ভোগ পোহান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আন্ত ও বহির্বিভাগে ১৬২ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এ ছাড়া দেড় শতাধিক শিক্ষানবিশ চিকিৎসক এবং ৪৩০ জন সেবিকা রোগীদের সেবায় নিয়োজিত আছেন। ঈদের সময় শিক্ষানবিশ চিকিৎসকদের বেশির ভাগ ছুটিতে চলে যান। আর নগরে থাকা চিকিৎসক ও সেবিকারাও অলিখিত ছুটি ভোগ করেন। এতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা চরম দুর্ভোগ পোহান। চিকিৎসক-সংকটের কারণে অনেকে আগেভাগে ছাড়পত্র নিয়ে অন্যত্র চলে যান।
ঈদের ছুটিতে দায়িত্ব পালন করা দুজন চিকিৎসক ও অন্তত চারজন সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত হাসপাতালের দেড় শতাধিক শিক্ষানবিশ চিকিৎসকের মধ্যে ৫০ জন দায়িত্ব পালন করেছেন। বাকিরা অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ২৮ জন রেজিস্ট্রারের মধ্যে ১০ জন, ৪৩ জন সহকারী রেজিস্ট্রারের মধ্যে ১৫ জন, ছয়জন জরুরি চিকিৎসা কর্মকর্তার মধ্যে তিনজন, ১৮ জন আন্তবিভাগ চিকিৎসা কর্মকর্তার মধ্যে আটজন কর্মস্থলে ছিলেন।
বৃহস্পতিবার সরেজমিনে হাসপাতালের বহির্বিভাগে বেশির ভাগ চিকিৎসককে দেখা যায়নি। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা দুর্ভোগে পড়েন। চিকিৎসা নিতে আসা ফাতেমা বেগম বলেন, তিনি পায়ের ব্যথা নিয়ে এসেছেন। চিকিৎসক না পেয়ে চলে যেতে হচ্ছে।
একই অভিযোগ করাপুর গ্রামের আতাউর রহমান, সাবিনা আক্তারসহ জিয়া সড়কের মনোয়ারা বেগম ও আরও অনেকের।
একাধিক সেবিকা জানান, ২৮, ২৯ ও ৩০ জুলাই অধিকাংশ চিকিৎসক হাসপাতালে আসেননি। এ সময় শিক্ষানবিশ চিকিৎসক ও সেবিকাদের ওপর নির্ভর করে চলতে হয়েছে। ফলে অনেক রোগী ছাড়পত্র নিয়ে চলে গেছেন। বৃহস্পতিবার দু-একজন চিকিৎসক এসেছিলেন। তাঁরাও কিছুক্ষণ পর চলে গেছেন।
হাসপাতালের পরিচালক মু. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদে রোগীদের দুর্ভোগের অভিযোগ সত্য নয়। ঈদে চার-পাঁচজন চিকিৎসক ছুটি নিয়েছেন। এর বাইরে কেউ ছুটিতে ছিলেন না। তবে শিক্ষানবিশ চিকিৎসকেরা বিভাগীয় প্রধানদের কাছ থেকে ছুটি নিয়ে থাকতে পারেন। ঈদের দিন একটু সমস্যা হতে পারে। ঈদের সময় আন্তবিভাগে ১০০ জন চিকিৎসক ছিলেন। জরুরি বিভাগে মাত্র চারজন চিকিৎসক ছিলেন। তবে সেখানেও যাতে সমস্যা না হয়, এ জন্য অন্য ধর্মের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।