ছুটি শেষে এখন সবাই ঢাকার পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির কারণে ফাঁকা হয়ে যাওয়া রাজধানী ঢাকা আবার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। ঈদে গ্রামের বাড়ি যাওয়া নগরবাসীদের অনেকেই ফিরেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আগামীকাল রোববার থেকে পুরোপুরি পুরোনো রূপে ফিরে যাবে নগর। গতকাল শুক্রবার কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকায় আসা প্রায় সব ট্রেনেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। চট্টগ্রাম থেকে দুপুরে আসা মহানগর প্রভাতীর যাত্রী আবদুল হাই বলেন, পুরো পথেই ঘাড়ের ওপর দাঁড়ানো ছিল যাত্রী। ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব আসার পর এত যাত্রী ওঠে যে কোনো বগিতে নড়াচড়া করার অবস্থা ছিল না।রাজশাহী থেকে ‘সিল্ক সিটি’ আসার কথা ছিল দুপুর দেড়টায়। দরজা-ছাদ বোঝাই করে ট্রেনটি আসে বিকেল সাড়ে চারটায়। জামালপুর, জগন্নাথগঞ্জ, ময়মনসিংহ থেকে আসা তিস্তা, বলাকা, অগ্নিবীণা—সব ট্রেনেই ছিল ধারণক্ষমতার তুলনায় চার-পাঁচ গুণ যাত্রী।স্টেশনমাস্টার নৃপেন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে যাঁরা বাড়ি গিয়েছিলেন, জীবিকার তাগিদে তাঁদের ফিরতে হচ্ছে। তাই ট্রেনে অতিরিক্ত যাত্রী হলেও আপাতত কিছুই করার নেই।গতকাল ছোট-বড় প্রায় দুই শ লঞ্চ বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী বোঝাই করে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়েছে বলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানিয়েছে। সড়কপথেও ফিরেছেন প্রচুর মানুষ। তাদের পদচারণে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল ছিল সরগরম।বঙ্গবন্ধু এভিনিউ, নিউ মার্কেট, গাওছিয়া মার্কেটসহ নগরের বিভিন্ন এলাকার ফুটপাতগুলোও আগের মতো হকারদের দখলে চলে গেছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও নগর বিশেষজ্ঞ আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ঈদের ছুটিতে যাঁরা ঢাকায় ছিলেন, স্বভাবতই তাঁদের মনে হয়েছে, ঢাকার এমন রূপ যদি সব সময় থাকত! কিন্তু রোববার থেকে ঢাকা হয়তো আগের অবস্থাতেই ফিরে আসবে।ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (ট্রাফিক-পশ্চিম) সেলিম মো. জাহাঙ্গীরও মনে করেন, আগামীকাল থেকে রাজধানীর রাস্তা আবার আগের রূপ ধারণ করবে। তিনি বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আগের মতোই লোকবল এবং কাঠামোগত অবস্থা আছে।