ছুটি শেষে কর্মজীবী মানুষের ফেরা
গাজীপুরের বেশির ভাগ এলাকা শিল্পকারখানা-সমৃদ্ধ হওয়ায় ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা হয়ে যায় শহর। ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ এখন ছুটছে কর্মক্ষেত্র অভিমুখে। শহরে কর্মচাঞ্চল্যও বাড়ছে।
গতকাল শক্রবার শ্রীপুর রেলস্টেশন, মাওনা চৌরাস্তা ও সাতখামাইর রেলস্টেশন ঘুরে প্রচুর যাত্রীকে ফিরে আসতে দেখা যায়। বিকেল সাড়ে চারটায় শ্রীপুরে থামে বলাকা কমিউটার মেইল ট্রেন। বেলা সাড়ে তিনটায় আসার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ের কারণে এটি দেরিতে স্টেশনে পৌঁছায়। পুরো ট্রেনের ভেতর-বাইরে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। শ্রীপুরের বিভিন্ন গন্তব্যে আসা অন্তত ৫০০ যাত্রী নেমে যাওয়ার পর ঢাকামুখী অপেক্ষমাণ অন্তত আড়াই শ মানুষ ট্রেনে ওঠে। ভিড় ঠেলে ভেতরে যেতে না পারায় অনেকেই ছাদে ওঠে। ময়মনসিংহ থেকে আসা ট্রেনের যাত্রী আহসানুল কবির বলেন, ছুটি শেষে উত্তরার নিজ কর্মস্থলে ফিরছেন তিনি। জামালপুর থেকে আসা যাত্রী শাহরিয়ার আহমেদ বলেন, ‘বাড়িতে যাওয়ার সময় ভিড় হলেও খুব আনন্দ নিয়ে গিয়েছি। কিন্তু বাড়ি ছাড়ার পর এই ভিড় আর সহ্য হচ্ছে না।’ ছাদে ওঠা সুতিয়াখালীর আশরাফুল আলম বলেন, ময়মনসিংহ স্টেশনে যাত্রীর প্রচুর চাপ থাকায় ট্রেনের ভেতরে উঠতে পারেননি তিনি।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার মো. শাহজাহান মিয়া বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বেশি থাকায় ট্রেন নির্দিষ্ট সময় থেকে কিছুটা দেরিতে পৌঁছায়। তবে ট্রেন যাত্রায় নিরাপত্তার অভাব নেই। যাত্রীদের ছাদে ওঠার বিষয়ে তিনি বলেন, ট্রেনের যাত্রার শুরুতেই কিছু যাত্রী ছাদে উঠে পড়ে। শ্রীপুর রেলস্টেশন থেকে ছাদে উঠতে চাইলে বাধা দেওয়া হচ্ছে। তবু কেউ কেউ হয়তো উঠে পড়ছে।
শ্রীপুরের সবচেয়ে শিল্পসমৃদ্ধ এলাকার প্রবেশপথ মাওনা চৌরাস্তা। এখানে সকাল নয়টায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা থেকে আসা যাত্রীদের বাস থেকে নামার তোড়জোড় লক্ষ করা যায়। ময়মনসিংহ থেকে নিজের কর্মস্থলের উদ্দেশে ফেরা যাত্রী আজাদ বলেন, ‘প্রিয়জনদের সঙ্গে কয়েকটা দিন প্রচুর আনন্দ করেছি। তাই বাড়ি ছেড়ে আসতে মন খারাপ হচ্ছিল।’ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দূরপাল্লার গ্রিনলাইন পরিবহনের চালক আলফাজ মিয়া বলেন, নেত্রকোনা থেকে এই পরিবহনের বাস ছাড়ে। যাত্রীদের প্রচুর চাপ থাকায় পরিবহনের পরিচালকদের হিমশিম খেতে হচ্ছে। দাঁড় করিয়ে যাত্রী পরিবহনের নিয়ম না থাকলেও অনেক সময় যাত্রীদের চাপের কারণে তা মানা সম্ভব হয় না। তবে ছাদে যাত্রী বহন করছেন না তিনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ঈদের আগে থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে আমরা তৎপর ছিলাম। এখন মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরছে। সড়কের প্রতিটি পয়েন্টে যানজটের আশঙ্কা দেখা দিলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’