ছুটি শেষে চলল মৈত্রী এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা থেকে ঢাকাগামী যাত্রীদের একাংশ। আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ছবিটি তোলেন শাহ আলম
কলকাতা থেকে ঢাকাগামী যাত্রীদের একাংশ। আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ছবিটি তোলেন শাহ আলম

গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনার পর নিরাপত্তার অভাবে মৈত্রী ট্রেন বন্ধ হয়ে গেছে বলে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, তার অবসান ঘটেছে। ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা চার দিন বন্ধের পর ঢাকা-কলকাতা পথে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকালে ভারতের কলকাতা থেকে ৪১৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। গতকাল শুক্রবার একই সংখ্যক যাত্রী নিয়ে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। 


বাংলাদেশ রেলওয়ের দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট মীর মো. লিয়াকত আলী বলেন, ‘গুলশানে জঙ্গি হামলাকে কেন্দ্র করে নিরাপত্তার অভাবে মৈত্রী ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়। ঈদের ও সাপ্তাহিক ছুটির বন্ধ নিয়ে মনগড়া ওই খবর প্রকাশ করে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হলেও কার্যত কোনো লাভ হয়নি। প্রায় শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করেছে।’

দর্শনা রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টা ৪০ মিনিটে (ভারতীয় সময় ৭টা ১০ মিনিটে) কলকাতা স্টেশন থেকে মৈত্রী ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বেলা ১১টা ৩৫ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে ট্রেনটি পৌঁছায় এবং বহির্গমন ও শুল্কায়ন প্রক্রিয়া শেষে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ৪১৮ আসনের ট্রেনটিতে এদিন মোট ৪১৫ জন যাত্রী আসে। যাত্রীদের মধ্যে ৩৬৩ জন বাংলাদেশি, ৫১ জন ভারতীয় ও ১ জন বাহরাইনের নাগরিক।

দর্শনা স্টেশনে একাধিক ট্রেনযাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশি যাত্রীদের অনেকেই ঈদের ছুটিতে ভারতে বসবাসকারী স্বজনদের সঙ্গে ঈদ করতে যান। কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা ডলি বেগম একমাত্র মেয়ে মাকসুদা খানমকে সঙ্গে নিয়ে এবার কলকাতায় ঈদ করেন। ঢাকার তাপস সরকার প্রথম আলোকে বলেন, ​তিনি ৩ জুলাই মৈত্রী ট্রেনে ভারতে যান। যাওয়ার সময় ৯ জুলাইয়ের ফিরতি টিকিট কাটেন। কিন্তু গুলশানে জঙ্গি হামলার পর কয়েকটি দেশের অনলাইন নিউজ পোর্টাল ও ভারতের একাধিক টেলিভিশন চ্যানেলে খবর প্রচারিত হয় যে, নিরাপত্তার অভাবে মৈত্রী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পরে কমলাপুর রেলওয়ের স্টেশন মাস্টারের কাছে ফোন করে জানতে পারেন বিভ্রান্তি ছড়াতে খবরটি প্রচারিত হয়েছে। একই বিভ্রান্তির কথা জানালেন জাতীয় মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুকী নাদিম।

স্টেশন সুপারিনটেনডেন্ট মীর মো. লিয়াকত আলী জানান, গত ৯ জুন বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (ইন্টারচেঞ্জ) কালিকান্ত ঘোষ এক প্রজ্ঞাপনে ঈদুল ফিতর উপলক্ষে ৫ ও ৬ জুলাই মৈত্রী ট্রেনের ছুটি ঘোষণা করেন। ঈদের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটির কারণে উভয় পথে একটানা ট্রেন চার দিন করে চলাচল বন্ধ থাকে। এই বন্ধের সঙ্গে গুলশানে জঙ্গি হামলার কোনো সম্পর্ক নেই।

কর্মকর্তারা জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের প্রতি বুধ, শুক্র ও রোববার ঢাকা থেকে কলকাতা যায় এবং শনি, সোম ও মঙ্গলবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে। ঈদের আগে সর্বশেষ ৩ জুলাই ঢাকা থেকে কলকাতায় এবং ৪ জুলাই কলকাতা থেকে ঢাকার পথে ট্রেনটি চলাচল করে।

২০০৮ সালের ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যের প্রতীক হিসেবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়।