ছুটি শেষে মানুষের স্রোত এখন রাজধানীমুখী

রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদের ছুটিতে যাওয়া মানুষ। সড়ক, রেল ও নৌপথে রাজধানীর প্রবেশপথগুলোতে ঘরে ফেরা যাত্রীদের ভিড় দেখা যায়। রাজধানীর পথঘাট এখনো ফাঁকা। আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খুলবে। ছুটির আলস্য ভেঙে ফিরে আসবে পুরোনো কর্মব্যস্ত নাগরিক জীবন।
গতকাল সকাল পৌনে আটটায় কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ট্রেনে উঠেছেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সানজিদা ইসলাম। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কমলাপুর রেলস্টেশনে এসে নামেন। বললেন, ভোগান্তি হয়নি। আরামেই তিনি ঢাকা এসে পৌঁছেছেন।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম তাঁর পরিবার ও সন্তান নিয়ে ঈদ শেষে ঢাকায় ফিরলেন গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে। তিনি বললেন, ‘বাড়ি যাওয়ার সময় ট্রেনে ভিড় কম ছিল। ফেরার পথেও কম ভিড়। এক দিন আগেই ফিরলাম। শনিবার রেস্ট নিয়ে রোববার অফিস করব।’
কমলাপুর স্টেশনে শুক্রবার দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা ট্রেনগুলোর প্রায় প্রতিটিতেই ছিল মানুষের ভিড়। ঈদ শেষে সবার আবার কর্মস্থলে ফেরা। ভোর থেকে বেলা একটা—১৮টি ট্রেন কমলাপুরে পৌঁছেছে। স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেছেন, ঢাকায় আসা সব ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি ছিল। আর যে ২২টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে, সেগুলোয় যাত্রী অনেক কম। স্টেশন ম্যানেজার আরও বলেন, ‘স্পেশাল ট্রেনসহ মোট ১৩৮টি ট্রেন কমলাপুরে প্রতিদিন যাতায়াত করে। সকালে তূর্ণা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস দুটি ট্রেন বিলম্বে এসেছে। বাকিগুলো ঠিক সময়মতোই স্টেশনে ফিরেছে।’
সায়েদাবাদ বাস টার্মিনাল
দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী বাসের টার্মিনাল সায়েদাবাদে খোঁজ নিয়ে জানা যায়, সিলেট ও চট্টগ্রাম মহাসড়কে এখন তেমন কোনো যানজট নেই। তাই মানুষ অল্প সময়েই রাজধানীতে ফিরতে পারছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী নাঈমা ফারজানা ভোরে চট্টগ্রাম থেকে বাসে রওনা দিয়ে বেলা ১১টায় সায়েদাবাদ পৌঁছান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেই তাড়াতাড়ি করে ঢাকায় ফেরা। যানজট এড়াতেই ভোরে রওনা দিয়েছি। বাড়ি যাওয়ার দিন তো ১৫ ঘণ্টা লেগেছিল।’
সদরঘাট লঞ্চ টার্মিনাল
বৃহস্পতিবার রাত পৌনে তিনটা থেকে গতকাল বেলা একটা পর্যন্ত মোট ৮৩টি লঞ্চ দেশের বিভিন্ন নৌ-রুট থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছেছে। এসব লঞ্চের প্রতিটিতে মানুষের ভিড় ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সদরঘাট টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুস সাত্তার বলেন, ‘মোট ৪১টি নৌপথে যাত্রীরা ঢাকায় ফিরছেন। প্রতিটি লঞ্চেই ছিল ঢাকামুখী মানুষের ভিড়।’