ছুটি শেষে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিন বন্ধ থাকার পর ঢাকা-কলকাতা পথে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নিয়মিত চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ৪১৫ জন যাত্রী নিয়ে মৈত্রী ঢাকায় পৌঁছায়। ট্রেনটি গত শুক্রবার প্রায় একই সংখ্যক যাত্রী নিয়ে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ রেলওয়ের দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট মীর মো. লিয়াকত আলী বলেন, গুলশানে জঙ্গি হামলাকে কেন্দ্র করে নিরাপত্তার অভাবে মৈত্রী ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমে এই অপপ্রচার চালানো হয়। মনগড়া ওই খবর প্রকাশ করে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হলেও কার্যত কোনো লাভ হয়নি। প্রায় শতভাগ যাত্রী নিয়েই ট্রেন চলাচল করেছে।

তিনি বলেন, গত ৯ জুন এক প্রজ্ঞাপনে ঈদুল ফিতর উপলক্ষে ৫ ও ৬ জুলাই মৈত্রী ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ঘোষণা করা হয়। ঈদের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটির কারণে উভয় পথে চার দিন করে ট্রেন চলাচল বন্ধ থাকে। এই বন্ধের সঙ্গে গুলশানের জঙ্গি হামলার ঘটনার কোনো সম্পর্ক নেই।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মৈত্রী ট্রেন বেলা ১১টা ৩৫ মিনিটে এই স্টেশনে এসে পৌঁছায়। বহির্গমন ও শুল্কায়ন প্রক্রিয়া শেষ করে বেলা ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ৪১৮ আসনের ওই ট্রেনটিতে যাত্রী ছিলেন ৪১৫ জন। তাঁদের মধ্যে ৩৬৩ জন বাংলাদেশি, ৫১ ভারতীয় এবং একজন বাহরাইনের নাগরিক।

ট্রেনটির যাত্রী ঢাকার সাংস্কৃতিক কর্মী তাপস সরকার প্রথম আলোকে বলেন, তিনি ৯ জুলাইয়ের ফিরতি টিকিট কেটে ৩ জুলাই মৈত্রী ট্রেনে ভারতে যান। গুলশানে জঙ্গি হামলার পর কয়েকটি দেশের অনলাইন নিউজ পোর্টাল ও ভারতের একাধিক টেলিভিশন চ্যানেলে খবর প্রচারিত হয় যে নিরাপত্তার অভাবে মৈত্রী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টারের কাছে ফোন করে তিনি জানতে পারেন, খবরটি ভিত্তিহীন।

২০০৮ সালের ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যের প্রতীক হিসেবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়।