ছুটি শেষে যোগ না দেওয়ায় দুই শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন—উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হেদায়েত উল্লাহ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফয়জুল হক। দুজনই অবেক্ষাধীনে নিয়োজিত ছিলেন।এ ছাড়া অননুমোদিত ছুটিতে থাকা আরও তিন শিক্ষককে কাজে যোগ দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সিফাতুল কাদের চৌধুরী ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক শাবনাজ আমিনকে আট সপ্তাহের মধ্যে এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক এ জেড এম আনিসুর রহমানকে চার সপ্তাহের মধ্যে চাকরিতে যোগ দিতে বলা হয়েছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অনুমতি না নিয়ে বিদেশে যাওয়ায় অর্থনীতি বিভাগের শিক্ষক নিগার নার্গিসকে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন ইসলামের ছুটির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক অধ্যাপক এ জেড এম আনিসুর রহমান পাঁচ বছর ধরে অননুমোদিত ছুটিতে আছেন। পিএইচডি প্রোগ্রামে অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং পরবর্তী সময়ে ইউনিভার্সিটি অব উলং-এ পড়ার জন্য আনিসুর রহমানকে ২০০১ সালের ১৪ এপ্রিল থেকে চার বছরের ছুটি দেওয়া হয়। ছুটি শেষ হওয়ার পর তিনি আরও চার বছর বিনা বেতনে ছুটির আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে এক বছরের ছুটি মঞ্জুর করে। সেই ছুটিও শেষ হয় ২০০৬ সালের এপ্রিলে। কিন্তু এত দিন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে সিন্ডিকেট সদস্য মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষকদের ছুটিবিষয়ক কাজে যাঁরা জড়িত, তাঁরা যথাসময়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেননি। কী কারণে এমনটি হলো, তা অনুসন্ধানের জন্য সহ-উপাচার্যকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে সিন্ডিকেট সভায় প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।