তিন মাসের ছুটি শেষ হলেও ফেরেননি টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান (মুক্তি)। এমনকি ছুটি বাড়াতে নতুন করে কোনো চিঠিও দেননি। আপাতত মেয়র ফিরছেন না—এমনটা ধরে নিয়েই ভারপ্রাপ্ত মেয়রকে সব ক্ষমতা দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর প্রস্তুতি নিচ্ছেন কাউন্সিলররা। এ জন্য আজ মঙ্গলবার পৌর পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ফারুক আহমেদ হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠার কিছুদিন পর টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সহিদুর রহমান খানসহ চার ভাই গা ঢাকা দেন। স্থানীয় পুলিশের দৃষ্টিতে তিনি এখন হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি। আর পৌর পরিষদের কাছে তিনি ছুটিতে গেছেন।
পৌরসভার নথিপত্র অনুযায়ী, গত বছরের ২০ নভেম্বর তিন মাসের ছুটি চেয়ে একটি আবেদনপত্র পৌর সচিবের কাছে জমা দিয়ে চলে যান মেয়র সহিদুর রহমান। পৌর কর্তৃপক্ষ অবশ্য ২৩ নভেম্বর থেকে ছুটি কার্যকর ধরেছে। সে হিসাবে গত রোববার (২২ ফেব্রুয়ারি) মেয়রের কাজে যোগ দেওয়ার কথা। কিন্তু তিনি কাজে যোগ দেননি। কোথায় আছেন, সে সম্পর্কেও কেউ কিছু বলতে পারছেন না।
ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই সন্দেহভাজন আসামি গত বছরের ৫ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে এই খুনে জড়িত হিসেবে মেয়র সাইদুর রহমানসহ তাঁদের চার ভাইয়ের নাম আসে। অপর তিন ভাই হলেন টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান (রানা), জাহিদুর রহমান খান (কাঁকন) ও সানিয়াত খান (বাপ্পা)।
এদিকে মেয়র ছুটিতে যাওয়ায় কাউন্সিলর মানবেন্দ্র পালকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাঁর ক্ষমতা কেবল পৌরসভার কর্মকর্তাদের বেতন-ভাতা ও দৈনন্দিন খরচের চেকে সইয়ে সীমিত রাখা হয়। উন্নয়নমূলক কাজের জন্য দরপত্র আহ্বান এবং যেসব কাজ চলছে, সেগুলোর অর্থ ছাড় দেওয়ার ক্ষমতা ভারপ্রাপ্ত মেয়রের নেই।
এ অবস্থায় পৌর এলাকার উন্নয়নকাজে ব্যাঘাত হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত মেয়র মানবেন্দ্র পাল। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, মেয়রের ছুটি শেষ হয়ে গেছে। তিনি কবে আসবেন, তা কেউ জানেন না। ফলে পৌর পরিষদ মঙ্গলবার (আজ) বৈঠক করে মেয়রের ফিরে না আসার কথা মন্ত্রণালয়কে অবহিত করবে। তাঁর অনুপস্থিতিতে সৃষ্ট সমস্যার কথা জানিয়ে ভারপ্রাপ্ত মেয়রকে সব ধরনের ক্ষমতা দিতে পরিষদের পক্ষ থেকে বলা হবে।
পৌর পরিষদের সূত্রগুলো বলছে, ছয়জন সংরক্ষিত নারী কাউন্সিলরসহ টাঙ্গাইল পৌরসভার মোট ২৪ কাউন্সিলরের মধ্যে ১২ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাকিদের মধ্যে বিএনপি-সমর্থিত আটজন, জাতীয় পার্টির একজন ও নির্দলীয় তিনজন। এখন তাঁদের সবাই ভারপ্রাপ্ত মেয়রকে ক্ষমতা দেওয়ার প্রস্তাবের পক্ষে এককাট্টা হয়েছেন।
একাধিক কাউন্সিলর প্রথম আলোকে বলেন, মেয়র দীর্ঘদিন পলাতক থাকায় টাঙ্গাইল পৌরসভার উন্নয়নকাজ স্থবির হয়ে পড়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে পাওয়া টাকা খরচ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। শিগগিরই দরপত্র ডেকে কাজ শুরু করতে না পারলে এই অর্থ ফেরত যেতে পারে বলে আশঙ্কা করছেন। এ ছাড়া চলমান প্রকল্পের কাজ নিয়েও সমস্যা তৈরি হচ্ছে। যেসব ঠিকাদার কাজ শেষ করেছেন, তাঁরা বিল তুলতে পারছেন না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মির্জা আরিফ বলেন, মেয়র না থাকায় পৌরসভার কোনো কাজই হচ্ছে না। ফলে নাগরিকেরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এখনই ভারপ্রাপ্ত মেয়রকে অন্তত সব ধরনের চেকে সই করার ক্ষমতা দেওয়া উচিত।
উপজেলা ভাইস চেয়ারম্যানও পলাতক: বহুল আলোচিত খান পরিবারের চার ভাইয়ের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টাঙ্গাইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলীও গা ঢাকা দিয়েছেন।
পুলিশ জানায়, আব্বাস আলীকে গ্রেপ্তারের লক্ষ্যে গত অক্টোবরে শহরের নিরালা মোড়ে তাঁর কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। তাঁকে না পেলেও সেখান থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার এবং তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা পরিষদ বিধিমালা ২০১০ অনুযায়ী চেয়ারম্যানের অনুমতি নিয়ে ভাইস চেয়ারম্যান সর্বোচ্চ ২০ দিন ছুটিতে থাকতে পারেন। কিন্তু আব্বাস আলী ছুটিও নেননি।
উপজেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদের পর পর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিয়ম আছে। আব্বাস আলীর তিনটি বৈঠকে অনুপস্থিতিও হয়ে গেছে ইতিমধ্যে। উপজেলা পরিষদের পরবর্তী বৈঠকে আব্বাস আলীর বিষয়ে আলোচনা হবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।