ছুটিতে কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম অব্যাহত রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল বুধবার এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের কাছে এক চিঠিতে এ আহ্বান জানান চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
চিঠিতে বলা হয়, ঈদের ছুটির সময় শুধু পোশাকশিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম ছাড়া অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এটি হলে শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও রপ্তানির প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
চিঠিতে ঈদের দিন ছাড়া ছুটির দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে ঈদের ছুটিতে বন্দরে যাতে পণ্যজট না হয়, সে জন্য ব্যবহারকারীদের নিয়ে গতকাল বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ। বৈঠক সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ছুটির সময় কাস্টমস কর্তৃপক্ষ যাতে সব ধরনের আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক রাখে, সে জন্য এনবিআরের কাছে চিঠি দেওয়া হবে। আবার বন্দরকেন্দ্রিক পণ্যবাহী যানবাহন যাতে ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে মহাসড়কে চলাচল করতে পারে, সে জন্য সড়ক পরিবহন ও সেতু বিভাগে অনুরোধ জানানো হবে।
বন্দরের পরিচালক গোলাম ছরওয়ারের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, মেট্রোপলিটন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী প্রমুখ।