চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মকবুল হোসেন ও মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রায় ১৭ বছর আগে বৃত্তি নিয়ে বিদেশে যান। দুজনের কেউ আর চাকরিতে যোগ দেননি। অথচ ছুটিতে থাকাকালে তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে বেতন-ভাতা নিয়েছেন।আবার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মোসলেহ উদ্দিন ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিন মাসের ছুটি নিয়ে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান। ওই বছরের ১৬ মে তাঁর কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কথা ছিল। প্রায় দুই বছর হতে চললেও তিনি চাকরিতে যোগ দেননি।অনুসন্ধানে জানা গেছে, এই তিনজনের মতো বিশ্ববিদ্যালয়ের মোট ৭৬ শিক্ষক গত ২০ বছরে উচ্চশিক্ষা ও অর্জিত ছুটি নিয়ে অন্য প্রতিষ্ঠানের চাকরি নেন। ছুটির মেয়াদ পার হলেও তাঁরা আর বিশ্ববিদ্যালয়ে ফেরেননি। এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা প্রায় সাড়ে তিন কোটি টাকা। বিভিন্ন পদক্ষেপ নিয়েও কর্তৃপক্ষ এই পাওনা আদায় করতে পারছে না।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, পাওনা আদায়ে এসব শিক্ষকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। এ ছাড়া অর্থ ফেরত পেতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই কথা জানান বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা দপ্তরের পরিচালক কাজী মো. এয়াছিন। বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মকবুলের কাছে ৯০ লাখ ৫৯ হাজার ৬৭১ টাকা ও জাহাঙ্গীর আলমের কাছে ৮৩ লাখ ৪৯ হাজার ৫১৪ টাকা পাওনা। এ ছাড়া উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক আজিম উদ্দিন মল্লিকের কাছে পাওনা ১৩ লাখ তিন হাজার ২১৩ টাকা। এ ছাড়া যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তাহমিনা আখতার, লোকপ্রশাসন বিভাগের ইকবাল মো. মোস্তফা এবং বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক জামাল হোসেনের কাছে পাবে যথাক্রমে সাত লাখ ৬২ হাজার ৪৭৩, সাত লাখ ৫৮ হাজার ৩৬১ এবং ছয় লাখ ৭৭ হাজার ৩৪৭ টাকা।বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, এ ধরনের ছুটিতে থাকা শিক্ষকদের প্রথম তিন বছর বেতন-ভাতা দেওয়া হয়। পরের দুই বছরও বিনা বেতনে যেকোনো শিক্ষক ছুটিতে থাকতে পারেন। তবে শর্ত হচ্ছে, এরপর ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে হবে। আর ফিরে না এলে বেতন-ভাতা ফেরত দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, চাকরিবিধির ৮(২) ধারা ভঙ্গ করায় কর্তৃপক্ষ ৭৪ শিক্ষককে ইতিমধ্যে চাকরিচ্যুত করেছে। বাকি দুজনের মধ্যে একজন নিজে অব্যাহতি নিয়েছেন। অন্যজনের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মইনুল ইসলাম বলেন, এসব শিক্ষক ফিরে না আসায় বিশ্ববিদ্যালয় দুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে দেশের মেধা পাচার হচ্ছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।জানা গেছে, না ফেরা শিক্ষকদের মধ্যে ১০ জন পদার্থবিদ্যার, নয়জন সমাজতত্ত্বের, আটজন অর্থনীতির, ছয়জন রসায়নের, পাঁচজন করে গণিত, রাজনীতিবিজ্ঞান, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের, চারজন পরিসংখ্যানের, চারজন ইতিহাসের, তিনজন করে লোকপ্রশাসন, ব্যবস্থাপনা ও সামুদ্রিকবিজ্ঞান ও ফিশারিজ ইনস্টিটিউটের, দুজন করে দর্শন, ইংরেজি ও হিসাববিজ্ঞানের, একজন করে বাংলা, উদ্ভিদবিদ্যা এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রয়েছেন।প্রশাসন সূত্র জানায়, ৭৬ শিক্ষকের মধ্যে ৫৩ জন ছুটি নিয়ে দেশের বাইরে চলে যান। এঁদের মধ্যে ৩৬ জন যুক্তরাষ্ট্রে, ১১ জন কানাডায়, তিনজন অস্ট্রেলিয়া এবং তিনজন ব্রিটেনে যান। সূত্র জানায়, চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে পদার্থবিদ্যা বিভাগের দুজন, ব্যবস্থাপনা বিভাগের দুজন, গণিত বিভাগের দুজন, সমাজতত্ত্ব, পরিসংখ্যান, বাংলা এবং সামুদ্রিকবিজ্ঞান ও ফিশারিজ ইনস্টিটিউটের একজন করে শিক্ষক তাঁদের কাছে পাওনা ২৪ লাখ ১৫ হাজার ৩১৬ টাকা পরিশোধ করেন। তাঁদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের কামাল উদ্দিন, পদার্থবিদ্যার মোতাহেরুল কবির মজুমদার, রতন কান্তি বড়ুয়া, সমাজতত্ত্বের মিজানুর রহমান মিয়া রয়েছেন। অন্যদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা দুই কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৬৭ টাকা।প্রশাসন সূত্র জানায়, চাকরিচ্যুত শিক্ষকদের অধিকাংশেরই বর্তমান ঠিকানা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই। সর্বশেষ তাঁরা যেসব দেশে অবস্থান করেছিলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেসব দেশের দূতাবাসে টাকার পরিমাণ জানিয়ে চিঠি দিয়েছিল। এ ছাড়া পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ। অর্থ পরিশোধ করতে ১১ শিক্ষককে উকিল নোটিশও দেওয়া হয়েছিল।