দুই দিনের সাপ্তাহিক ছুটির আগের দিন পয়লা বৈশাখ মিলিয়ে টানা তিন দিনের ছুটি। এই সুযোগে ইট-কংক্রিটের নগরীতে হাঁসফাঁস করতে থাকা রাজধানীবাসী দলবল নিয়ে ছুটছেন পার্বত্য জেলাগুলোয়। একটু ভিন্ন আবহে বৈশাখী উৎসবের পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটানোও উদ্দেশ্য।
বিভিন্ন বাস কোম্পানির সঙ্গে কথা বলে জানা গেছে, পয়লা বৈশাখের ছুটি উপলক্ষে ১৩ ও ১৪ এপ্রিলের বাসের আগাম টিকিট বিক্রি হয়ে গেছে ১৫-২০ দিন আগেই। মূলত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির টিকিট বেশি বিক্রি হয়েছে। সিলেটের টিকিট বিক্রিও ভালো।
সৌদিয়া পরিবহনের কলাবাগান কাউন্টারের ব্যবস্থাপক সোহাগ হাওলাদার বলেন, পার্বত্য জেলাগুলোতে বৈসাবি উৎসব থাকায় এই তিন দিনের ছুটিতে ওই সব জায়গার টিকিট বেশি বিক্রি হয়েছে। প্রায় ২০ দিন আগেই ১৩ ও ১৪ তারিখের টিকিট বিক্রি হয়ে গেছে। সবচেয়ে বেশি চাপ ছিল ১৩ এপ্রিলের টিকিটের।
বাংলাদেশের তিন পার্বত্য জেলায় বিভিন্ন নৃগোষ্ঠী বৈচিত্র্যময় আয়োজনে পুরোনো বছর বিদায় দিয়ে নতুন বছর বরণ করে। তাদের এই বর্ণাঢ্য আয়োজন পয়লা বৈশাখেই আয়োজিত হয়। বান্দরবানের মারমা নৃগোষ্ঠী ‘সাংগ্রাই’, ত্রিপুরারা ‘বৈসু’, তঞ্চঙ্গ্যা ও চাকমারা ‘বিজু’ উৎসব পালন করে। তবে সামগ্রিকভাবে পাহাড়ের এই বর্ষবরণ উৎসব হয় বৈসাবি নামে।
উৎসব মূলত হয় চৈত্রের শেষ দুই দিন এবং বৈশাখের প্রথম দিন। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ বৈসাবি পালন করে নানান আচারের মাধ্যমে। বান্দরবানের বৈসাবি উৎসবের মূল আকর্ষণ জলকেলি উৎসব। কয়েক বছর ধরে রাজধানীর বাসিন্দাদের অনেকেই বৈশাখ উদ্যাপন করতে দল বেঁধে চলে যাচ্ছেন পার্বত্য জেলাগুলোয়।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নওরীন আকতার ও তাঁর ছয় বন্ধু-সহকর্মী মিলে এবারের বৈশাখে রাঙামাটি যাওয়ার পরিকল্পনা করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর ঢাকায় বৈশাখ পালন করি। আদিবাসীদের সংস্কৃতি কাছ থেকে দেখার ইচ্ছা ছিল। তাই এবার বন্ধুরা মিলে রাঙামাটি যাচ্ছি। ১৩ তারিখে রওনা দেব।’
ইউনিক পরিবহনের কলাবাগান কাউন্টারের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, টানা তিন দিনের ছুটি থাকলে অনেকেই ঢাকার বাইরে ঘুরতে যান। এবার পয়লা বৈশাখ হওয়ায় খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির প্রতি বেশি আকর্ষণ। এই জায়গার টিকিট আরও ১৫ দিন আগেই বিক্রি শেষ।