ছুটিতে বাড়ি আসার কথা ছিল রাজ্জাকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মাসেই ছুটিতে বাড়ি আসার কথা ছিল তৈরি পোশাক কারখানার শ্রমিক আবদুর রাজ্জাকের (২২)। সপ্তাহ খানেক আগে বাবার হাতখরচের জন্য ৫০০ টাকাও পাঠিয়েছিলেন। রাজ্জাক বাড়িতে এসেছেন ঠিকই। তবে জীবিত নন, এসেছে তাঁর লাশ। সাভারে রানা প্লাজা ধসে অকালে প্রাণ হারিয়েছেন এই শ্রমিক। রাজ্জাকের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব রাজকান্দা গ্রামে। তাঁর বাবা একজন ভ্যানচালক। মা রেজিয়া খাতুন তিন বছর আগে নারীশ্রমিক হিসেবে জর্ডান গেছেন। তিন ভাইবোনের মধ্যে আবদুর রাজ্জাক ছিলেন দ্বিতীয়। গতকাল বৃহস্পতিবার সকালে রাজ্জাকের লাশ সাভার থেকে গ্রামের বাড়িতে আনা হয়। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা আজিজুল ইসলাম বাকরুদ্ধ। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন গ্রামের অনেকে। গতকাল দুপুরে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাজ্জাকের ছোট বোন শারমিন (৮) বলে, ‘আমার জন্য জামা আনতে চেয়েছিল। আমার ভাই আর বাঁচে নাই।’ এই বলে কান্নায় ভেঙে পড়ে সে। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন জানান, রানা প্লাজা ধসে এই উপজেলার দুই ব্যক্তি মারা গেছেন বলে তিনি শুনেছেন। নিহত একজনের পরিচয় পেয়েছেন।