ছুটিতে বাড়ি গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন
অন্য দিনের মতোই গতকাল বুধবার অনুশীলন শেষে বাড়ি ফিরছিলেন ক্রিকেটার ফখরুল ইসলাম। কিন্তু বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে সন্ত্রাসীর হামলার শিকার হয়ে আর ফেরা হলো না। উপর্যুপরি ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায়। তিনি কিশোরগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লীগে সূর্য সংঘ ক্রীড়াচক্রের একজন নিয়মিত খেলোয়াড়। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরিবারের সদস্যরা জানিয়েছেন, খেলায় অংশ নেওয়ার উদ্দেশ্যে ফখরুল ছুটিতে বাড়িতে এসেছিলেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলনের পর ফখরুল ইসলাম (২০) সন্ধ্যায় বাসায় ফিরছিলেন। শহরের পাগলা মসজিদের সামনে আসার সঙ্গে সঙ্গে অজ্ঞাত পরিচয়ের পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর বুক, পেট, পিঠ ও হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তাঁর চিত্কারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। লোকজন তাঁকে প্রথমে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিত্সক মনোজ সেন জানান, ‘উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁর দেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা ভালো নয় বিধায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে শুনেছি তাঁর মৃত্যু হয়েছে।’ফখরুল ইসলামের বাবা সোনালী ব্যাংকের সাবেক কর্মচারী এবং মা একই ব্যাংকে কর্মরত। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। এ খুনের ঘটনায় ক্রীড়াঙ্গনসহ শহরে নেমে এসেছে ক্ষোভ ও শোকের ছায়া।ফখরুলের বাবা নজরুল ইসলাম ও চাচা ফকির মতিউর রহমান অভিযোগ করেন, ভালো ছাত্র ও ক্রিকেটার হওয়ায় এলাকার কয়েকজন বখাটে তাঁকে ঈর্ষা করত। এর আগেও তাঁরা ফখরুলের সঙ্গে অশালীন আচরণসহ হুমকি-ধমকি দিয়েছে। তারাই তাঁকে হত্যা করেছে।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।