ছুটিতে বিদেশে গিয়ে আর ফেরেননি এএসপি গিয়াস
ছুটি নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর আর দেশে ফেরেননি সহকারী পুলিশ সুপার (এএসপি) গিয়াস উদ্দিন ওরফে রিমন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, সারদা পুলিশ একাডেমিতে কর্তব্যরত থাকা অবস্থায় গত বছর গিয়াস উদ্দিন বিদেশ ভ্রমণের জন্য পাঁচ দিনের ছুটির আবেদন করেন। পুলিশ সদর দপ্তর থেকে ছুটির বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করা হলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঁচ দিনের ছুটি মঞ্জুর করান। এরপর তিনি গত বছরের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যে যান। ২০ ডিসেম্বর তাঁর ছুটির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু তিনি এখন পর্যন্ত দেশে ফেরেননি। জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) বেনজির আহমেদ প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে ২৩ মার্চ গিয়াস উদ্দিনের ব্যাপারে প্রতিবেদন পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।উল্লেখ্য, গিয়াস উদ্দিন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ বাহিনীতে নিয়োগ পান। তখন তিনি হাওয়া ভবনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।