ছুটিতে মাতৃবাগানের গাছ কেটে ফেলার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ের মাতৃবাগানের গাছ রক্ষার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) ছয়টি সংগঠন সংবাদ সম্মেলন করে। ছবি: প্রথম আলো
রাজধানীর আগারগাঁওয়ের মাতৃবাগানের গাছ রক্ষার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) ছয়টি সংগঠন সংবাদ সম্মেলন করে। ছবি: প্রথম আলো

বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) ছয়টি সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে, রাজধানীর আগারগাঁওয়ের ৭৩৯টি ফলদ বৃক্ষের মাতৃবাগানটির জায়গায় মেট্রোরেলের অস্থায়ী কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণের ফলে এটি ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসযজ্ঞ সাধারণত ছুটির মধ্যেই করা হয়। ঈদুল আজহার ছুটি চলাকালে গাছগুলো কেটে ফেলার আশঙ্কা করছে তারা। ফলবাগানের আশপাশের খালি জায়গায় অস্থায়ী ইয়ার্ডটি নির্মাণ করা গেলে বাগানটিও বাঁচবে, মেট্রোরেলের কাজও হবে।

আজ বুধবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাপা, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), তরুপল্লব, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি ট্রাস্ট) ও গ্রিন ভয়েস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, মাতৃবাগানটি ধ্বংস করে মেট্রোরেলের অস্থায়ী কনস্ট্রাকশন ইয়ার্ড করা হলে তা হবে অবিবেচনাপ্রসূত, চরম নিষ্ঠুর কাজ। মনে হচ্ছে, প্রতিহিংসা করে কেউ কাজটি করছে। বুঝেশুনে কেউ করেছেন বলে মনে হয় না। আশপাশে আরও অনেক জায়গা আছে, যে জায়গা ব্যবহার করা যায়। তিনি বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বলা হয়। মধ্যম আয়ের দেশ হওয়া ভালো, তবে পুষ্টিহীন মধ্যম আয়ের দেশ হলে তা টেকসই হবে না। এ বাগানটি ধ্বংস করা হরে দেশের হর্টিকালচার গবেষণায় বড় ক্ষতি হবে। অর্থনীতির বড় ক্ষতি হবে। এই বাগানের ওপর হাত দেওয়া যাবে না। তিনি সরকারের কাছে আবেদন জানান, বাগানটি যেন ধ্বংস না করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান বলেন, ‘ফলবীথি জার্মপ্লাজম সেন্টারের জায়গায় অস্থায়ী ইয়ার্ড নির্মাণের সিদ্ধান্তে আমরা বিস্মিত। এ নিয়ে আমরা অসংখ্যবার চিঠি চালাচালি করেছি। কিন্তু কাজ হয়নি। মেট্রোরেল হোক আমরাও চাই। এর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। মেট্রোরেলের কাজ বাগান ঠিক রেখেই করা যায়। এই মাতৃবাগানটির কাজ ঠিকভাবে করার জন্য ২০০০ সালেই প্রধানমন্ত্রী একটি নির্বাহী আদেশ জারি করেন। তাতে বাগানটি সংরক্ষণপূর্বক নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার কথা বলা হয়েছে।’

পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘আমরা পরিবেশ বাঁচানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আর সে জায়গায় মাতৃবাগান ধ্বংসের পদক্ষেপ নেওয়ায় আমরা অত্যন্ত মর্মাহত।’

বিশেষায়িত বৃক্ষের প্রতিষ্ঠান তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন বলেন, ‘প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার মতো প্রয়োজনীয় বনভূমি শহরে নেই। সরকারের বিভাগগুলোর মধ্যে আন্তসম্পর্কের মাধ্যমে মেট্রোরেলের কাজটি করা হলে মাতৃবাগানটি রক্ষা পাবে।’

বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ‘যেকোনো উন্নয়নের কথা এলেই নজর যায় গাছের দিকে। সংবাদ সম্মেলনে আয়োজকদের ভয় ঈদের ছুটির মধ্যেই মাতৃবাগানের গাছগুলো কাটা হয়ে যায় কি না।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘পৃথিবীর সব জায়গায় মহানগরীতে উদ্যানের গাছগুলোকে রক্ষা করা হয়। এগুলো নগরীর ফুসফুস হিসেবে কাজ করে। অনেক গৃহিণী বাগান বা ছাদ বাগান করতে এই মাতৃবাগান থেকে চারা কিনতেন। এখন তারা কোথা থেকে কিনবে? আমাদের শিশুরাও গাছ চেনে না। এ বাগানটি না থাকলে গাছ চেনার সে সুযোগও থাকবে না। প্রধানমন্ত্রীর কাছে দাবি, এই বনবিথী নষ্ট করা যাবে না।’

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, আগারগাঁওয়ের ফলদ বৃক্ষের একটি ফলবীথি জার্মপ্লাজম সেন্টার আছে। এটিকে মাতৃবাগানও বলা হয়। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২৭ বছরের ব্যবধানে এখানে দেশি-বিদেশি ফল গাছের জার্মপ্লাজম গড়ে উঠেছে। রাষ্ট্রের ফল গবেষণা ও উৎপাদনের ক্ষেত্রে যতগুলো উদ্ভিদ ভান্ডারের ওপর শতভাগ নির্ভরশীল, আগারগাঁওয়ের ৭৩৯টি ফলদ বৃক্ষের এই গবেষণা উদ্যান তারই একটি।

তবে ৩১ জুলাই বিমানবাহিনী সদর দপ্তরের পাঠানো এক চিঠিতে মেট্রোরেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, মেট্রোরেল কর্তৃপক্ষ অস্থায়ী কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণের জন্য যে জায়গাটি চিহ্নিত করেছে, তা কৃষি সম্প্রসারণ বিভাগের ব্যবহার্য পাঁচ একর জমিরই অংশ। চিঠিতে আরও জানানো হয়, মেট্রোরেল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী জার্মপ্লাজম সেন্টারটির দুই হাজার স্কয়ার মিটার জমি প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে ব্যবহার করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ফলবীথি জার্মপ্লাজম সেন্টারের বাগানটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ১৯৯০ সালের দিকে যাত্রা শুরু করে। তখন রাষ্ট্রপতির সচিবালয় থেকে একটি নির্বাহী আদেশে আগারগাঁও-সংলগ্ন জাতীয় প্যারেড স্কয়ারের পশ্চিম-দক্ষিণ অংশে একটি কেন্দ্রীয় ও প্রতিনিধিত্বমূলক বাগান স্থাপনের জন্য পাঁচ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়। নকশার মাধ্যমে জায়গাটির যে অবস্থান চিহ্নিত করা হয়, তা বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান জাদুঘর-সংলগ্ন উত্তর অংশ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মাতৃবাগান-সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন যে চিঠির ভাষ্য অনুযায়ী মেট্রোরেলের অস্থায়ী কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণের সময় বাগানের প্রায় ৮০ ভাগ গাছ কাটা পড়বে। বাকি ২০ ভাগ নির্মাণযজ্ঞের ধকলে ধ্বংস হবে।

এই ফলবীথি মাতৃবাগানে মোট ৬৭ প্রকার ফলের ২৬৫ জাতের ৭ শতাধিক গাছ আছে। এর মধ্যে দুর্লভ ও সুলভ মিলিয়ে একাধিক জাতের আম, লিচু, পেয়ারাসহ ২২টি ফলের জাত আছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শাহজাহান মৃধা। এতে আরও বক্তব্য দেন মিহির বিশ্বাস ও হর্টিকালচার সোসাইটির আফজাল হোসেন।