ছুটিতে সেই বিদ্যালয়ের আরও ছয় ছাত্রীর বাল্যবিবাহ!
রোজা ও ঈদের ছুটির সময় মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে অবস্থিত মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছয় ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোজা ও ঈদ উপলক্ষে গত ৩ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চবিদ্যালয় ছুটি ছিল। এই ফাঁকে উপজেলার বেলাগাঁও, কালিনগর ও খাসকিত্তা গ্রামের ওই ছাত্রীদের বিয়ে দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিবন্ধনের নথি অনুযায়ী বর্তমানে ওই ছাত্রীদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয় খোলার পর ওই ছাত্রীরা আর ক্লাসে আসেনি। এতে আমাদের সন্দেহ হয়। পরে খোঁজখবর নিয়ে জানতে পারি, ওদের বিয়ে দেওয়া হয়েছে।’উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, ‘ছয় ছাত্রীর বিয়ের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখব।’জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘কোথাও বাল্যবিবাহ হচ্ছে—এমন খবর পেলে আমরা তা বন্ধ করার চেষ্টা করি। ওই ছয় ছাত্রীর বিয়েসংক্রান্ত লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’প্রসঙ্গত, জলাবদ্ধতার কারণে মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ে গত বছর পাঠদান কার্যক্রম প্রায় এক মাস বন্ধ ছিল। এ সময়ের মধ্যে বিদ্যালয়ের সাত ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ৬ জুলাই প্রথম আলোয় ‘এক বিদ্যালয়ের সাত ছাত্রীর বাল্যবিবাহ!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।