ছুটিতে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ঈদের ছুটিতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু থাকবে। ঈদের পরদিন কয়েক ঘণ্টার জন্য খোলা থাকবে হাসপাতালের বহির্বিভাগও। ঈদের আগের দিন নির্ধারিত সময়ে বহির্বিভাগে সেবা পাবে রোগীরা। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কটি হাসপাতালের কর্তৃপক্ষ ব্যস্ত ছিল হাসপাতালের প্রস্তুতি নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক শামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদ শনিবার হলে রোববার বহির্বিভাগ খোলা থাকবে। আবার রোববার ঈদ হলে শনিবার হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সব হাসপাতালে জরুরি সেবা পাওয়া যাবে। হাসপাতালগুলোকে সব ধরনের জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, চিকিৎসকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ছুটির দিনগুলোয় যেমন প্রস্তুতি থাকে তার চেয়ে শক্তিশালী ব্যবস্থা রাখা হয়েছে। সব পরিকল্পনা চূড়ান্ত। বাস্তবায়নটা বাকি। তিনি আরও বলেন, হাসপাতালে ঈদ উপলক্ষে ভর্তি রোগীর সংখ্যাও কিছুটা কম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বিশেষ প্রস্তুতি নিয়েছে মিটফোর্ড হাসপাতালও। হাসপাতালের পরিচালক জাকির হাসান প্রথম আলোকে বলেছেন, ছুটির সময় চিকিৎসকের কোনো সংকট হবে না।
এদিকে দেশের যে জায়গাগুলো দুর্ঘটনাপ্রবণ, সেখানেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনাপ্রবণ এলাকায় গতকাল বৃহস্পতিবার থেকে ঈদের দিন ও পরের তিন দিন পর্যন্ত চিকিৎসক দল, পর্যাপ্ত ওষুধ, যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
ঈদ উপলক্ষে হাসপাতালগুলোয় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সাধারণত পথ্যের জন্য দৈনিক বরাদ্দ ১২৫ টাকা। ঈদের দিনের জন্য বরাদ্দ ২০০ টাকা করা হয়েছে। হাসপাতালের পরিচালক বা তাঁর অবর্তমানে দায়িত্বশীল কর্মকর্তাকে খাওয়ার আয়োজন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।