ছুটিতেও সচল ছিল ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা ঈদের ছুটিতেও প্রয়োজনীয় সেবা পেয়েছেন। রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে তাঁরা সন্তুষ্ট। ঈদুল আজহার লম্বা ছুটি থাকলেও চিকিৎসকদের অনেকেই ছিলেন।
আসমা আক্তার তাঁর স্বামীকে নিয়ে এক মাস ধরে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি। মেরুদণ্ডের সমস্যার জন্য চিকিৎসা করাচ্ছেন। তিনি বলেন, ‘ঈদে এইখানেই ছিলাম। ডাক্তাররা ছিল। লাগলে ডাক্তার, নার্স পাইছি।’
গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, ঈদের ছুটির আমেজ চললেও রোগীর সংখ্যা কম নয়। জরুরি বিভাগে একের পর এক রোগী আসছেন। বহির্বিভাগেও রোগীদের ভিড়। টিকিট কাউন্টারেও বেশ লম্বা লাইন। রেজিয়া বেগম কুমিল্লা থেকে এসেছেন। তাঁর দুই বছর বয়সী নাতির পেটের সমস্যা, ভর্তি করাবেন। তিনি বলেন, ‘ঈদের আগে দেখাইয়া গেছি, কিন্তু ভর্তি করাই নাই। মনে করছি ডাক্তার থাকব না। এখন তো দেখি ডাক্তাররা আছেন।’
প্রতিটি ওয়ার্ডেই রোগী আছেন, যাঁদের বেশির ভাগই ঈদের আগে থেকে ভর্তি। রোগীরা ঈদের ছুটিতে প্রয়োজনমতো সেবা পেয়ে সন্তুষ্ট। নাম প্রকাশ না করার শর্তে একজন নার্স বলেন, ঢাকা মেডিকেলে রোগী আসে সব সময়। উৎসব-পার্বণে তাঁদের ছুটি মেলে কম।
২১০ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক সিফাত খন্দকার বলেন, ‘এবারের ঈদে অনেক ডাক্তার ছিলেন। আর টঙ্গীর ঘটনায় অনেকের ছুটিই বাতিল হয়ে গেছে। জরুরি ভিত্তিতে আমাদের সেবা দিতে হয়েছে।’ এ ওয়ার্ডের নার্স কল্যাণী ভৌমিক বলেন, ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে ৩৪টি শিশু রোগী। ছুটির কারণে ভর্তি তুলনামূলক কম। আজ থেকেই রোগীর সংখ্যা আরও বেড়ে যাবে। কল্যাণী আরও বলেন, ‘আমাদের এখানে অন্য ধর্মের নার্স বা ডাক্তাররা ঈদে সবাই থাকেন। যাঁরা ছুটিতে ছিলেন, অনেকেই চলে এসেছেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঈদেও পালা করে সবাইকেই দায়িত্ব পালন করতে হয়। প্রয়োজনমতো চিকিৎসক, নার্স সবাই ছিলেন।
নির্মলেন্দু সরকার ১০২ নম্বর ওয়ার্ডে ১৩ দিন ধরে ভর্তি আছেন। তাঁর স্বজন রিনা রানী মণ্ডল বলেন, ‘ছুটির টাইমে বড় ডাক্তাররা আসে নাই। কিন্তু নার্স, ডিউটি ডাক্তার পাইছি। দরকার লাগলে দেইখা গেছেন।’
তবে ঢাকা মেডিকেল কলেজ-২-এ রোগীদের তেমন ভিড় নেই। ভর্তি রোগীর সংখ্যাও তুলনামূলক কম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, এবার আগে থেকেই বলা হয়েছিল ঈদের আগে ও পরে চাহিদা অনুযায়ী চিকিৎসা দিতে। এ ছাড়া হাসপাতালেরও নিজস্ব কিছু নিয়ম আছে। সব মিলিয়ে কোনো অসুবিধা হয়নি বলে জানান তিনি।