ছুটির আমেজে চট্টগ্রাম অফিসে উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের নির্ধারিত সরকারি ছুটি শেষ। তবু ছুটির আমেজ কাটেনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘মিনি সচিবালয়’ হিসেবে পরিচিত সরকারি কার্যভবনে (সিজিও বিল্ডিং ১ ও ২)। গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, দুটি ভবনই প্রায় ফাঁকা। বিভিন্ন দপ্তরের বেশির ভাগ কর্মকর্তার কক্ষে ঝুলছিল তালা। চট্টগ্রামে অবস্থানরত হাতেগোনা কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া অনেকেই ফিরে আসেননি বলে জানা গেছে। অনেকেই বুধ ও বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়েছেন।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী, কর আপিল আদালতের বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন অঞ্চলের কর কমিশনার, উপ-কর কমিশনার, সামুদ্রিক মত্স্য অধিদপ্তর, বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন দপ্তরের বেশির ভাগ শীর্ষ কর্মকর্তার কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। কয়েকজন কর্মচারী কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে ছিলেন। আবার কেউ নিজেদের আসন ছেড়ে পাশের কার্যালয়ে বসে কথা বলছেন। কর অঞ্চল-১-এর অফিস তত্ত্বাবধায়ক তাহমিনা আকতার বলেন, ‘দুই দিন পর আবার সরকারি ছুটি থাকায় চট্টগ্রামের বাইরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ঐচ্ছিক ছুটি ভোগ করছেন।’ কৃষি তথ্য সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে কর্মকর্তা ছিলেন মাত্র দুজন। তালা ঝুলছিল আঞ্চলিক কর্মকর্তার কক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা ঢাকায় গিয়েছেন দাপ্তরিক সভায় যোগ দিতে। আর ঈদের ছুটিতে চট্টগ্রামের বাইরে থাকায় অন্যরা উপস্থিত হতে পারেননি।’গতকাল দুপুর গড়িয়ে গেলেও জাতীয় রাজস্ব বোর্ডের ‘কর তথ্য ও সেবাকেন্দ্রে’ সেবাপ্রার্থীদের জন্য রাখা চেয়ারগুলো ফাঁকা পড়ে ছিল। সেখানে বড় পর্দায় টেলিভিশন দেখছিলেন দুই কর্মকর্তা। তথ্যকেন্দ্রে তদারকির দায়িত্বে নিয়োজিত কর পরিদর্শক মো. আলমগীর খান বলেন, ‘এমনিতে আয়করসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে এখানে প্রচুর লোক আসে। কিন্তু ঈদের ছুটি থাকায় লোকজনের উপস্থিতি কম। তবু এ পর্যন্ত তিনজন সেবাপ্রার্থী এসেছেন।’তিনতলাবিশিষ্ট সরকারি কার্যভবন-১-এ রয়েছে আয়কর বিভাগ, বিনিয়োগ বোর্ড, গণপূর্ত বিভাগ, আঞ্চলিক কৃষি তথ্য অধিদপ্তর, সামুদ্রিক মত্স্য অধিদপ্তর, সমুদ্র পরিবহন, নৌ-বাণিজ্য অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, ভ্যাট, পরিসংখ্যান বিভাগ, ওষুধ প্রশাসনসহ ৩০টিরও বেশি দাপ্তরিক কার্যালয়। অপরদিকে ১১ তলা সরকারি কার্যভবন-২-এ জনশক্তি ও কর্মসংস্থান, দুর্নীতি দমন কমিশন (দুদক), আয়কর বিভাগ, গণপূর্ত বিভাগ, মত্স্য অধিদপ্তর, পিআইডি, বিস্ফোরক অধিদপ্তরের কার্যালয় রয়েছে।