ছুটির আমেজে রাজধানী!

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছিল ৮ আগস্ট। চলেছে ১০ তারিখ পর্যন্ত। এরপর পাঁচ দিন চলে গেলেও রাজধানী ফিরে পায়নি এর চিরচেনা চেহারা। প্রতি ঈদের পর একটা সপ্তাহ লেগে যায় নগর সরগরম হতে। তবে এবার ঈদের ছুটির পর দুদিনের হরতাল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি রাজধানীতে মানুষের ফেরা কিছুটা পিছিয়ে দিয়েছে।
সচিবালয়সহ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই। ছুটির পর চারটি কর্ম দিবসও চলে গেছে। এর মধ্যে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরাও এসেছেন। কিন্তু দর্শনার্থীদের ভিড় একবারে কম, তাই সচিবালয়ে ফিরে আসেনি চেনা পরিবেশ। ব্যাংকেও ভিড় নেই বেশি।
রাজধানীর পুরান ঢাকায় ঐতিহ্যবাহী ঈদের মেলা চলে ঈদের পর অন্তত সাত দিন। কিন্তু এবার তিন দিন পরই সেগুলো বন্ধ হয়ে যায়। চকবাজার, সুরিটোলা, লক্ষ্মীবাজারে যেসব ঈদমেলা শুরু হয়েছিল, সেসব বন্ধ হয়ে গেছে মূলত হরতালের কারণে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই এলাকার অভিজাত রেস্তোরাঁগুলো খুলেছে কিন্তু সেখানে নেই ভিড়।
চকবাজার, ইসলামপুরের কাপড়ের দোকানগুলো এমনিতে ঈদের পর সাত থেকে ১৫ দিন বন্ধই থাকে। এর ব্যত্যয় ঘটেনি এবারও। বন্ধ আছে সদরঘাটের বড় বিপণিবিতানগুলো। কাল শনিবারের আগে খুলছে না এসব।
নগরের কাঁচাবাজারগুলোতে নেই ভিড়। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের টাউন হল বাজার, তেজকুনীপাড়ার কলমীলতা বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারে ক্রেতা শুধু কমই না, এখনো কিছু কিছু দোকানও বন্ধ আছে। মোহাম্মদপুর বাজারের মাছ ব্যবসায়ী এমদাদ আলী বলেন, ‘মানুষ যেমুন কম, মাছের চালানও তেমুন কম।’ হরতালে এই চালান কমে গেছে বলে জানান তিনি। এ ছাড়া হরতালে বিক্রি কম হবে জেনেই অনেক দোকানি গ্রাম থেকে ফেরেনি বলে জানা যায়।
কলমীলতা বাজারে বাজার করতে এসেছিলেন মনিপুরীপাড়ার গৃহবধূ সাদিয়া ইসলাম। তিনি জানালেন, কাঁচা সবজির দাম দোকানিরা বাড়িয়ে দিয়েছেন অনেক। বললেন, দোকানে পণ্য কম আবার দোকানের সংখ্যাও কম, তাই এখন ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে রাজধানীর নিত্যসহচর যানজট নেই একেবারেই। রাস্তাগুলোতে নিজস্ব যান যেমন কম, গণপরিবহনের জটলাও নেই বেশি।