ছুটির দিন জমেছে এশীয় চারুকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিত্রশালা মিলনায়তনে বক্তব্য দেন ভারতের রাজ্যসভার সদস্য ইমেরিটাস অধ্যাপক যোগেন চৌধুরী। ছবি: প্রথম আলো
জাতীয় চিত্রশালা মিলনায়তনে বক্তব্য দেন ভারতের রাজ্যসভার সদস্য ইমেরিটাস অধ্যাপক যোগেন চৌধুরী। ছবি: প্রথম আলো

গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে ভারতের অনেক শিল্পী পাশ্চাত্যের শিল্পীদের অনুসরণ করে বিমূর্ত রীতির ছবি আঁকতেন। শুধু তা-ই নয়, এই বিমূর্ত ছবির আঁকার মাধ্যমে তাঁরা নিজেদের অভিজাত বলেও প্রচার করতেন। আমার ছাত্রদের মাঝেও এই প্রবণতা দেখেছি। তারা নিজের মতো করে কিছু একটা এঁকে সেটা বিমূর্ত ধারার ছবি বলে চালানোর চেষ্টা করত। শেষ পর্যন্ত ওই ধরনের চিত্রকর্মগুলো আসলে কিছুই হতো না।
ভারতের রাজ্যসভার সদস্য ইমেরিটাস অধ্যাপক যোগেন চৌধুরী সমসাময়িক চিত্রকলা নিয়ে কথা বলতে গিয়ে এ কথাগুলো বলেন। জাতীয় চিত্রশালা মিলনায়তনে রোববার বিকেলে উৎকৃষ্ট চিত্রকর্মের বৈশিষ্ট্য তুলে ধরে এই শিল্পী বলেন, ভালো ছবি আঁকতে হলে চিত্রকরকে সব সময় সতর্ক থাকতে হবে। থাকতে হবে চিন্তার গভীরতা। প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্পী তৈরি হয় না, উল্লেখ করে যোগেন চৌধুরী বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই তার সব শিক্ষার্থীকে শিল্পী হিসেবে তৈরি করে না। শুধু শিল্প সৃজনের কৌশলটা শিখিয়ে দেয়। সেই কৌশলটাকেই কাজে লাগাতে হয়। চারুশিক্ষার ভেতরের বিভিন্ন অনুষঙ্গকে রপ্ত করতে হয়।

জাতীয় চিত্রশালা প্লাজায় পরিবেশিত পারফরম্যান্স আর্টের দৃশ্য। ছবি: প্রথম আলো
জাতীয় চিত্রশালা প্লাজায় পরিবেশিত পারফরম্যান্স আর্টের দৃশ্য। ছবি: প্রথম আলো

শনিবার বিকেলে শুরু হওয়া ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীটি রোববার ছুটির দিনে ছিল দারুণ জমজমাট। ছুটির দিন হওয়ার কারণে সকাল থেকেই শহরের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পানুরাগীরা আসেন শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনা হয় শিল্পের রস আস্বাদনের জন্য।

রোববার বেলা ১১টায় দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর দ্বার খোলে সাধারণ দর্শকদের জন্য। তবে তার ঘণ্টাখানেক আগেই শুরু হয় সেমিনার, যা চলে দিনভর। ভারতের প্রখ্যাত চিত্রকর যোগেন চৌধুরীর পাশাপাশি ভারত ও স্পেনের আর্ট কিউরেটর ও চিত্রসমালোচকেরা যোগ দেন তাতে। শিল্পের নানা মাধ্যমের বিস্তারিত এ আলোচনায় যোগ দিয়েছিলেন স্বাগতিক বাংলাদেশের চিত্রসমালোচকেরাও। আর বিকেলের পর থেকেই দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে একাডেমির চিত্রশালা প্লাজা। বিশাল প্রাঙ্গণে ঘুরেফিরে দর্শনার্থীরা ভিড় করেছেন প্রদর্শনী উপলক্ষে স্থাপিত অস্থায়ী খাবারের দোকানগুলোতেও। একটা উৎসব উৎসব ভাব ছিল রোববার বিকেল ও সন্ধ্যায়।
সকালে চিত্রশালা মিলনায়তনে শুরু হয় দুই দিনের ‘আর্ট অ্যান্ড কনটেমপরারি ন্যারেটিভস’ শিরোনামের সেমিনার ও ‘আর্ট, পেডাগোগি অ্যান্ড প্রমোশন’ শীর্ষক গোলটেবিল আলোচনা। সকালের পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের চিত্রসমালোচক মুস্তাফা জামান। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই অধ্যাপক ফকরুল আলম ও শামশাদ মুর্তজা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। চিত্রসমালোচক অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সঙ্গে দর্শক হিসেবে এসেছে স্কুলের শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সঙ্গে দর্শক হিসেবে এসেছে স্কুলের শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

বিকেলের আলোচনাটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে যোগেন চৌধুরীর বিষয়নির্ভর প্রাঞ্জল বক্তব্যে। তাঁর সঙ্গে যোগ দিয়ে বক্তব্য দেন ভারতের চিত্রসমালোচক কৃষ্ণা শেঠী এবং স্পেনের কিউরেটর ও শিল্পসমালোচক বালানকা ডি লা তরি।
পারফরম্যান্স প্যাভিলিয়ন ও গ্যালারি পাঁচে ছিল পারফরম্যান্স আর্ট। দেশি-বিদেশি ছয়জন শিল্পী দিনভর নিজেদের পরিবেশনা নিয়ে হাজির ছিলেন দর্শকদের সামনে। গ্যালারি পাঁচে বাংলাদেশের ইয়াসমিন জাহান নূপুর ‘নট এভরিথিং দ্যাট কাউন্টেড ট্রুলি কাউন্টস’ ও সঞ্জয় চক্রবর্তী ‘লাভ ফর দ্য গ্লোরি নোটস অ্যান্ড ইটস রাইটার’ শিরোনামে নিজেদের পরিবেশনায় অংশ নেন। পারফরম্যান্স প্যাভিলিয়নে বাংলাদেশের অসীম হালদার সাগর ‘সামথিং আই ফিল, সামটাইমস আই কান্ট’, সরকার নাসরিন ‘বি ওমেন’, জুয়েল এ রব ‘অকেশনাল হেল’ নিজেদের পরিবেশনায় অংশ নেন।
সোমবার সকাল থেকে শুরু হবে দুই দিনের ‘আর্ট অ্যান্ড কনটেমপোরারি ন্যারেটিভস’ শিরোনামের সেমিনার ও ‘আর্ট, পেডাগোগি অ্যান্ড প্রমোশন’ শীর্ষক গোলটেবিল আলোচনার শেষ দিনের কার্যক্রম। অংশ নেবেন জাপানের প্রখ্যাত শিল্পী তেতসুইয়া নোদা ও আন্তর্জাতিক চিত্রসমালোচক সংস্থার সভাপতি মারেক বার্টেলিক।

সেমিনারে সমাগতদের ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: প্রথম আলো
সেমিনারে সমাগতদের ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: প্রথম আলো

এবারের আয়োজনে স্থান পেয়েছে দেশি-বিদেশি শিল্পীদের মোট ৩৬৮ চিত্রকর্ম, ছাপচিত্র ও আলোকচিত্র, ৩৩টি ভাস্কর্য, ৫২টি ইলাস্ট্রেশন আর্ট এবং ৩০ পারফরম্যান্স আর্টিস্টের শিল্পনৈপুণ্য প্রদর্শনী। অংশগ্রহণকারী দেশ এবং শিল্পকর্ম সংখ্যা বিবেচনায় এটাই দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন।
মাসব্যাপী এ আয়োজনে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।