চট্টগ্রামে গতকাল শুক্রবার পঞ্চম দিনেও আন্তর্জাতিক শিল্পপণ্য মেলা তেমন জমেনি। সন্ধ্যার পর থেকে মেলায় কিছুটা ভিড় বাড়ে। কিন্তু তাতে মন ভরেনি বিক্রেতাদের। ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে মাঠে মাসব্যাপী মেলা শুরু হয়।ঢাকা থেকে টিভিসি স্কাই শপের পণ্য নিয়ে আসা মো. হাসানুজ্জামান জানান, বেচাকেনা এখনো তেমন জমেনি। তা ছাড়া বিশ্বকাপ ক্রিকেটের খেলা থাকায় লোকজন কম বলে মনে হচ্ছে। আরএফএল স্টলের মার্কেটিং ইনচার্জ নজরুল ইসলাম বলেন, প্রথমত বিশ্বকাপ ক্রিকেট, দ্বিতীয়ত মাসের শেষ বলে ক্রেতাদের আনাগোনা কম।মেলার মাঝামাঝি জাহাজ আকৃতির প্যাভিলিয়ন নিয়ে বসেছে মেঘনা গ্রুপ। প্রতিষ্ঠানের ডিপো ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, ‘আমরা আজই মেলায় বসেছি। বেচাকেনা সকালের তুলনায় বিকেলে একটু ভালো। কারণ, আমাদের এ কাঠামো তৈরি করতেই সময় ব্যয় হয়েছে বেশি।’ তিনি আরও বলেন, ‘আমরা প্যাভিলিয়নের ওপর শিশুদের জন্য বিনা মূল্যে থ্রিডি ছবি দেখার ব্যবস্থা রেখেছি। এ ছাড়া রেলগাড়ি চড়ার ব্যবস্থা আছে নিচে।’এখনো কাজ চলছে স্টলেরবিকেলে মেলা ঘুরে দেখা যায়, মেলায় এখনো প্রায় ১৫-১৬টি স্টল শূন্য পড়ে আছে। বাইরে নির্মাণশ্রমিকেরা কাজ করছেন। এ ছাড়া পাকিস্তান, থাই-ইরানি অ্যাম্পোরিয়াম, পাকিস্তান প্যাভিলিয়নের কাজও শেষ হয়নি। এখানে বেশ কয়েকটি দোকান এখনো খালি পড়ে আছে। নাভানার প্যাভিলিয়নের এক পাশ ছিল ফাঁকা।