তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনি ফাবিয়া ফারিহাকে নিয়ে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের একুশে বইমেলার বিভিন্ন স্টলে ঘুরছিলেন নগরের হামজারবাগ এলাকার বাসিন্দা জয়নুল আলম। নিজের জন্য কিনেছেন বিখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের লেখা দ্য রেইপ অব বাংলাদেশ বইটির অনুবাদ। নাতনি খুঁজছিল রূপকথা আর কার্টুনের বই।
জয়নুল আলম বলেন, ‘এখন তো বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে শিশুদের। সে কারণে সুযোগ পেয়ে নাতনিকে বইমেলায় নিয়ে এলাম। কাল পরশু আরেকবার নিয়ে আসার ইচ্ছে আছে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের মুসলিম থিয়েটার ইনস্টিটিউট চত্বর ও শহীদ মিনার সড়কে শুরু হওয়া একুশের বইমেলার তৃতীয় দিনে তুলনামূলক জনসমাগম বেশি ছিল। বিভিন্ন স্টলের বিক্রেতারা বলেছেন, শুক্রবার ছুটির দিন থাকায় ক্রেতা-দর্শনার্থীদের সঙ্গে বইয়ের বিক্রিও বেড়েছে। তাঁরা জানান, মেলা শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত শিশুতোষ বইয়ের কাটতি বেশি ছিল। প্রায় সব স্টলেই পাওয়া যাচ্ছে শিশুদের গল্প, ছড়ার বই।
শব্দশিল্প প্রকাশনের উদ্যোক্তা মিজানুর রহমান জানান, শিশুদের জন্য নতুন ৩৫টি ছড়া, গল্প ও কার্টুনের বই এনেছেন মেলায়। শিশুরা বেশ আগ্রহ নিয়ে তা কিনছেও। বড়রা অবশ্য উপন্যাসের চেয়ে প্রবন্ধের দিকে এখন পর্যন্ত আগ্রহ বেশি দেখাচ্ছেন।
অন্যপ্রকাশ প্রকাশনের স্টলে হুজমায়ূন আহমেদ আর জাফর ইকবালের বই বেশি দেখা গেল। স্টলের দায়িত্বে থাকা মো. শাকিল হোসেন জানান, ঢাকায় বইমেলায় আসা নতুন বইগুলো এখনো চট্টগ্রামে এসে পৌঁছায়নি।
পরিবারের ছয় সদস্যকে নিয়ে গতকাল মেলায় এসেছিলেন নূরজাহান আকতার। নিজের জন্য কিনলেন রবীন্দ্রনাথের সঞ্চয়িতা আর ছোট দুই সন্তানের জন্য কিনলেন আল মাহমুদের পাখির কাছে, ফুলের কাছে ও উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাংলার আরও হাসির গল্প বই দুটি। নূরজাহান আকতার বলেন, প্রচার বাড়লে ঢাকার বইমেলার মতো চট্টগ্রামের বইমেলাও একদিন প্রাণের মেলা হয়ে উঠবে। আগে তো খুব ছোট পরিসরে মেলা হতো। এবার মেলায় অনেকগুলো স্টল বেড়েছে দেখে বেশ ভালো লাগছে।
মেলা চলাকালে শহীদ মিনারের সড়কে যান চলাচল বন্ধ রাখার ব্যবস্থা নিয়েছে মেলা কর্তৃপক্ষ। তবে বেলা তিনটা থেকে যান চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও প্রথম দুই দিন পাঁচটার আগে বন্ধ করা হয়নি বলে জানান কয়েকটি স্টলের বিক্রেতারা। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা শেষ হবে।
মেলা প্রাঙ্গণে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ফতেয়াবাদ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।