ছুটির দিনে অসহনীয় যানজট

কর্মব্যস্ত মানুষের জন্য সাপ্তাহিক ছুটির দিন আসে অবসাদ মেটানোর উপলক্ষ হিসেবে। কিন্তু গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া টানা হরতাল-অবরোধে অবসাদ মেটানোর সেই আশা এখন দুরাশা। কর্মদিবসগুলো এখন অবরোধের প্রকোপে প্রায় কর্মহীন। দুই দিন সাপ্তাহিক ছুটির মধ্যে শনিবারটিও আর অবরোধের নাগালের বাইরে থাকে না। অতএব, অন্ধের যষ্টি শুক্রবার কর্মব্যস্ত মানুষের পরম আরাধ্য দিবস। শ্রান্তি মেটানোর জন্য নয়, অবরোধে বদ্ধ হয়ে থাকা নানা কাজ সম্পন্ন করার কাঙ্ক্ষিত দিন। কিন্তু গতকাল শুক্রবার ছুটির কর্মদিবসটি আরেক যন্ত্রণা হয়েই দেখা দিল রাজধানীবাসীর কাছে।
হওয়াটাই স্বাভাবিক। সব কাজ একসঙ্গে সম্পন্ন করতে গেলে হুড়োহুড়ি লেগে যায়, কোনটা ছেড়ে কোনটা করব—এর প্রতিযোগিতা শুরু হয়। এই নাগরিক হুড়োহুড়ির ফল দেখা গেছে ঢাকার সড়কে। অসহনীয় যানজটে গতকাল নাকাল হয়েছে রাজধানীর মানুষ। রাজধানীর সব জায়গায়, বিশেষ করে বিপণিবিতানগুলোর আশপাশে ভিড় ছিল ব্যাপক। ঢাকা নিউমার্কেটগামী একটি বাসের যাত্রী বিরক্ত হয়ে পাশের যাত্রীকে বলছিলেন, ‘এমন জ্যাম আগে দেখি নাই। এর চেয়ে অবরোধের দিন তো ভালো।’ সহযাত্রীর উত্তর, ‘অবরোধে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই জ্যাম আর সহ্য হয় না।’
এই ‘অনাকাঙ্ক্ষিত অভ্যস্ততা’ পাল্টে দিয়েছে সব রুটিন। বড়দের শুধু নয়, ছোটদেরও। স্কুলগুলোতে এখন ছুটির দিনে চলে পরীক্ষা। প্রায় দেড় মাস ধরে চলা পরীক্ষা গতকাল শেষ হয়েছে কোনো কোনো স্কুলে। যদিও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র নাইমুর রহমান ভেবেছিল, পরীক্ষা শেষ হবে না। কিন্তু পরীক্ষা শেষের আনন্দটা নেই ওর। দীর্ঘ সময় ধরে হওয়া পরীক্ষা ঢাকার বাইরে বেড়াতে যাওয়ার আগের পরিকল্পনা ভন্ডুল করে ফেলেছে। পরীক্ষা শেষে অবরোধে আবার ঘরে বসেই কাটাতে হবে—এই ভাবনা আরও কষ্ট বাড়াচ্ছে, জানাল নাইমুর।
অবরোধে এমনিতে দোকানপাট খোলা থাকে। কিন্তু ক্রেতার সংখ্যা থাকে নগণ্য। চতুর্থ দফা অবরোধ শেষে গতকাল নগরের সব বিপণিবিতানেই ভিড় লক্ষ করা গেছে ব্যাপক। ঢাকা নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন মোহাম্মদপুরের বাসিন্দা রোকসানা জামান। তিনি জানালেন, অবরোধের দিনে যানবাহনে ক্রমাগত আক্রমণে ভয়ে বাড়ি থেকে বের হন না। তিনি বললেন, ‘আমার মতো অবস্থা হয়তো সবারই। কিন্তু প্রয়োজন তো থেমে থাকে না। তাই এই একটি দিনেই সবার ব্যস্ততা বেড়ে গেছে।’
সামনে বড়দিন। কিন্তু ক্রিস্টিনা নকরেকের কেনাকাটা এখনো সম্পন্ন হয়নি। ধানমন্ডির সানরাইজ প্লাজায় সন্তানকে নিয়ে এসেছিলেন জামাকাপড় কিনতে। প্রতিবছর বড়দিন কাটান ময়মনসিংহের গ্রামের বাড়িতে। এবার অবরোধের জন্য আর যাওয়া হবে না। কিন্তু আজই গ্রামে এক আত্মীয় যাবেন। বাবা-মাসহ বাড়ির সবার জন্য উপহার কিনতে বড্ড ব্যস্ত তিনি।
বিপণিবিতানে ক্রেতাদের এই ভিড় দেখে কেউ কেউ মন্তব্য করলেন, এ যেন ঈদের আগের ঢাকা।
গতকালের ব্যস্ত নগরে রাস্তার ভিড়ের পাশাপাশি নগরবাসী নাকাল হয়েছে জনপরিবহনে যাত্রীদের অস্বাভাবিক ভিড়ে। সেই ভিড় এড়াতে সিএনজিচালিত অটোরিকশা বা ট্যাক্সির জন্য যাঁরা হাত বাড়িয়েছিলেন, তাঁদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। ইচ্ছামতো ভাড়া হাঁকিয়েছেন এসব যানের চালকেরা।
গতকাল খোলা ছিল ব্যাংক। কিন্তু সরকারি ও বেসরকারি ব্যাংকে গ্রাহকদের ভিড় ছিল না ততটা।
দিন যত বাড়তে থাকে, নগরে বাড়তে থাকে যানজট। সন্ধ্যাবেলায় ফার্মগেট, সায়েন্স ল্যাবরেটরি, মগবাজার, পান্থপথ, হাতিরপুল, কারওয়ান বাজারের সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ত্রস্ত মানুষ আবার পঞ্চম দফার অবরোধের মুখে পড়তে যাচ্ছে। সে জন্য যত তাড়াতাড়ি প্রয়োজনীয় কাজগুলো মিটিয়ে ফেলার তাগিদ, দ্রুত ঘরে ফেরার তাড়নাও সেই সঙ্গে।