ছুটির দিনে ঈদ-পূজার বাজার সরগরম
পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রায় সব বিপণিবিতান ছিল সরগরম। ভারতীয় শাড়ি, চটকদার নামের থ্রিপিস, শিশুদের পোশাক, জুতা বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন দোকানিরা।গতকাল ছিল দুর্গাপূজা শুরুর আগের সর্বশেষ শুক্রবার। নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনী চক, ধানমন্ডি হকার্স, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি, রাপা প্ল্লাজা, মৌচাকসহ বিভিন্ন বিপণিবিতানে নারী ও শিশুদের ভিড় ছিল বেশি। সকালে ধানমন্ডি হকার্স মার্কেটে বাংলাদেশি শাড়ি কিনতে আসেন অনিমা ঘোষ। পূজা উপলক্ষে কলকাতা থেকে বাবার বাড়ি ঢাকায় এসেছেন তিনি। শাড়ি দেখতে চাইলে সব দোকানে তাঁকে ভারতীয় জর্জেট শাড়ি দেখানো হয়। অনিমা বললেন, ‘এখানকার ভারতীয় শাড়িগুলোর গুণগত মান কলকাতার থেকে ভালো। তবে দাম বেশি। আমি চাই, বাংলাদেশি শাড়ি কিনতে।’ পরে দেশি একটি জামদানি শাড়ি কেনেন তিনি।চাঁদনী চকের দোতলা ঘুরে দেশি পোশাকের তুলনায় ভারতীয় থ্রিপিসসহ নানা পোশাকের আধিক্য দেখা গেছে। নিউ মার্কেটে ঢাকাই জামদানি, বেনারসি কাতান, টাঙ্গাইলের শাড়ির পাশাপাশি ভারতীয় বেনারসি ও বালুচুরির সমারোহ।ইস্টার্ন প্লাজার বিভিন্ন দোকানে দুই হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা দামের বেনারসি রয়েছে। বালুচুরি পাওয়া যাচ্ছে দেড় হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। এখানে ঢাকাই জামদানি, বেনারসি ও তাঁতের শাড়িও বিক্রি হচ্ছে ভালো।ব্যতিক্রম বেইলী রোড। বিদেশি শাড়ির তুলনায় দেশি তাঁত, বিশেষ করে টাঙ্গাইলের তাঁতের শাড়ির সংখ্যা ও বিক্রি দুই-ই ছিল বেশি।বেশ ভিড় ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। চ্যালেঞ্জ-২, পাগলু-২, বডিগার্ড, উলালা, ঝিলিক, মাসাক্কালি নামের মেয়েদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। পূজা উপলক্ষে ফতুয়া ‘হরে কৃষ্ণ হরে রাম’, ‘ওঁ’ খচিত শাড়ি এবং দুর্গা ও বিভিন্ন মন্দিরের ছবির টি-শার্ট, ‘গণেশ’ নামের পাঞ্জাবি সেট বিক্রি হচ্ছে সেখানে। বিক্রি হচ্ছে কারিনা, ক্যাটরিনা, জেরিন খান, হিরোইন, প্রিয়াংকা, শাকিরা, মাইকেল জ্যাকসনসহ বাহারি নামের পোশাক।জুতা কেনার ভিড় দেখা গেছে এলিফ্যান্ট রোডের চৌরঙ্গী বাজারে। ধানমন্ডির রাপা প্লাজায় একদরের দোকানেও দামাদামি করে পোশাক কেনেন অনেক ক্রেতা। ওয়ারীর গৃহিণী তাহমিনা রহমান জানান, তিনি মেয়ের জন্য সিল্কের ওপর হাতের কাজ করা একটি থ্রিপিস কিনেছেন চার হাজার টাকায়। দোকানি দাম হেঁকেছিলেন সাড়ে পাঁচ হাজার টাকা।