ছুটির দিনে কর্মব্যস্ত রাজধানী সড়ক-মহাসড়কে যানজট

যানজট, সর্বত্র মানুষের ভিড়, কর্মমুখর ব্যাংকপাড়া ও বিভিন্ন প্রতিষ্ঠান, কাঁচাবাজার-বিপণিতে ভিড়, শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা—সব মিলিয়ে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকার চেহারা ছিল আর দশটি কর্মব্যস্ত দিনের মতোই। রাজধানীসহ সারা দেশে রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে অস্বাভাবিক ভিড় এবং মহাসড়কে যানজট মনে করিয়ে দিয়েছে ঈদে বাড়ি ফেরাকে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা পিঠাপিঠি অবরোধে এক দিনের বিরতিতে সর্বত্র ছিল এমন ব্যস্ততা ও ছোটাছুটি। অনেকে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে সেরেছেন প্রয়োজনীয় কাজ বা কেনাকাটা। কারণ, আজ শনিবার থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ। সড়ক-মহাসড়কে হঠাৎ চাপের কারণে যানজটের দুর্ভোগেও পড়তে হয়েছে মানুষকে।
গত শনিবার সকাল ছয়টা থেকে টানা ১৩১ ঘণ্টা অবরোধ শেষে বৃহস্পতিবার বিকেল থেকেই যানবাহনের চাপ বাড়ে। জরুরি কাজে ঢাকামুখী ও ঢাকা ছেড়ে যাওয়া মানুষ বহনকারী যানবাহনের চাপে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। যানজট হয় বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে এবং গাজীপুরের চন্দ্রাতেও। ফলে এসব পথ দিয়ে গন্তব্যে যাওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। রেলপথে জট না থাকলেও অবরোধের নাশকতার কারণে সৃষ্ট সময়সূচি বিপর্যয় কাটাতে পারেনি। সদরঘাট ছেড়ে যাওয়া ও সদরঘাটে আসা লঞ্চগুলো ছিল যাত্রীতে ঠাসা।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটেছে মানুষ: রাজনৈতিক কর্মসূচির কারণে বারবার পিছিয়ে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয়েছে গতকাল। বিভিন্ন বিদ্যালয়ে হয়েছে বার্ষিক পরীক্ষা। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। খোলা ছিল ব্যাংক-বিমাসহ সরকারি-বেসরকারি আর্থিক ও বাণিজ্যিক কিছু প্রতিষ্ঠান। গণপরিবহন ছিল যাত্রীতে পূর্ণ।
দুপুর পর্যন্ত ছুটেও সব কাজ শেষ হয়নি বলে জানান ষাটোর্ধ্ব রওশন আরা বেগম। নাতনি ফারিহা রাফাকে নিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন স্বামীর পেনশনের টাকা তুলতে। রামপুরা থেকে যানজট ঠেলে ব্যাংক পর্যন্ত পৌঁছাতে ঘণ্টা খানেক সময় লাগে তাঁর। কিন্তু সংশ্লিষ্ট ডেক্সের লোকজন অনুপস্থিত থাকায় তাঁর টাকা তোলা হয়নি। বাংলাদেশ ব্যাংকের ফার্মেসি খোলা থাকলেও চিকিৎসকসহ অন্যরা না থাকায় তিনি পেনশনভোগী হিসেবে যেসব ওষুধপথ্য পান সেগুলো পাননি। তাই মন খারাপ করে দুপুরের দিকে বাসায় ফেরেন তিনি।
তবে ভীষণ খুশি দিলকুশা এলাকার চা-দোকানি আবদুর রহমান। কারণ, অনেক দিন পর একটু ভালো বেচাকেনা হয়েছে।
বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম বেগমের জন্মদিন ছিল গত বৃহস্পতিবার। তিনি বলেন, অবরোধের কারণে এবার জন্মদিনে বেড়ানো হয়নি। গতকাল গেছেন ক্লাসে।
দুপুরে মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পরীক্ষার্থী মেয়ের জন্য অপেক্ষারত জাফর বলেন, বারবার পরীক্ষা পেছানোর কারণে মেয়ের মন খারাপ। পরীক্ষা দিয়ে ঢাকার বাইরে বেড়াতে যাওয়ার বায়না ধরেছে। কিন্তু এ অবস্থায় তো কোথাও যাওয়ার উপায় নেই।
কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে অমৃত চৌধুরী এসেছিলেন মেয়ের চিকিৎসার জন্য। চিকিৎসক না পেয়ে মেয়েকে আত্মীয়ের বাড়িতে রেখে যান।
ঢাকায় এসে অবরোধে আটকে পড়া ছোট ভাইকে নিয়ে গ্রামে গেলেন লেখক-সাংবাদিক আফরোজা সোমা। তিনি বলেন, ‘দিনে গিয়ে দিনেই ফিরে আসার জন্য গাড়ি ভাড়া করেছি। তবু মনের ভয় যাচ্ছে না।’
মহাসড়কে যানজট: অবরোধে ঢাকায় অল্প যানবাহন চললেও মহাসড়ক ছিল একেবারে ফাঁকা। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ঈদের ভিড় দেখা গেছে।
যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে পদুয়ার বাজার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। গাইবান্ধা থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন দুটি বেসরকারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আইয়ুব আলী ও সানোয়ার হোসেন। সকালে দাউদকান্দিতে তাঁদের বাস যানজটে পড়ে। তাঁরা বলেন, সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছে কাজে যোগ দিতে হবে।
ঢাকা-উত্তরবঙ্গের পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়।
পাবনার চাটমোহর থেকে ভোর পাঁচটায় রওনা দেওয়া সুফিয়া বেগম বলেন, পাঁচ ঘণ্টা যানজটে আটকে আছেন। কিন্তু যত কষ্টই হোক ঢাকা যেতে হবে।
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানজট সৃষ্টি হয়। প্রতিটি বাসই ছিল যাত্রীতে ঠাসা। উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যাওয়ার লক্ষ্যে সকাল থেকেই অনেক মানুষকে মহাসড়কের পাশের বাস কাউন্টার ও বাসস্ট্যান্ডগুলোতে অপেক্ষা করতে দেখা গেছে।
ট্রেন ও লঞ্চে ঈদের ভিড়: কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঈদের সময়ের মতো মানুষের ভিড় দেখা গেছে। নাশকতার কারণে গত কয়েক দিন ট্রেনে যাত্রী অর্ধেকে নেমে এলেও গতকাল সব ট্রেনই ঢাকা ছেড়েছে প্রচুর যাত্রী নিয়ে। ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলোও ছিল যাত্রীতে পূর্ণ।
কিন্তু নাশকতায় রেলের যে সূচি বিপর্যয় হয়েছে, এর রেশ টানতে হয়েছে গতকালও। ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ পথের ট্রেনগুলো কিছুটা স্বাভাবিক। অন্যান্য স্থানের ট্রেন ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলেছে।
রেলের কর্মকর্তারা জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গতকালও ঘণ্টায় ৪০ কিলোমিটারের কম গতিতে ট্রেন চালানো হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকেই সদরঘাটসহ দেশের নৌ-টার্মিনালগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। গতকাল সকালে ঢাকার বাইরে থেকে আসা লঞ্চগুলোতে প্রচুর ভিড় দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর থেকে নয়টি লঞ্চ ঢাকায় আসে। এ সময় ঢাকা থেকে চাঁদপুর যায় পাঁচটি লঞ্চ।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ এবং চাঁদপুর, গাজীপুর, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।]