ছুটির দিনে জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে গ্রন্থমেলায় গতকাল ছুটির দিনে ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। বিকেল চারটার দিকে তোলা ছবি l প্রথম আলো
অমর একুশে গ্রন্থমেলায় গতকাল ছুটির দিনে ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। বিকেল চারটার দিকে তোলা ছবি l প্রথম আলো

একে ছুটির দিন, তার ওপর আগামীকাল অমর একুশে। বইমেলায় গতকাল শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছিল জনস্রোত। দুপুরের পরে আক্ষরিক অর্থেই টিএসসি গেট থেকে বাংলা একাডেমির প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান জনাকীর্ণ। মেলায় লোকসমাগম বৃদ্ধি পাওয়ায় বিক্রিও বেড়েছে। প্রকাশকেরা আশা করছেন, বিক্রির এই ধারা শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

জয়নুল আবেদিন জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি
জয়নুল আবেদিন জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি

সংগীত প্রতিযোগিতা: গতকাল সকাল ১০টায় খুলেছিল মেলার ফটক। সকালে ছিল একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মেলার মঞ্চ মুখর হয়ে উঠেছিল কচিকণ্ঠের গানে গানে। অনুষ্ঠানের অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী সুবীর নন্দী। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

যে দীপ জ্বেলেছিল দীপন: গতকাল মেলার প্রবেশপথ ও বিভিন্ন স্থানে দেখা গেল অশুভ শক্তির হামলায় নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের ছবিসংবলিত ব্যানার। তাতে লেখা ‘যে দীপ জ্বেলেছিল দীপন’। দীপনের স্ত্রী রাজিয়া রহমান জানান, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনের ঢাকা কলেজের সহপাঠী ও বন্ধুরা সম্প্রতি গঠন করেছেন দীপন স্মৃতি সংসদ। তাঁরাই এই ব্যানার টানিয়েছেন। মেলায় দীপনকে নিয়ে তাঁরা কিছু কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছেন।

আকাশরাজ্য মঈনুস সুলতান
আকাশরাজ্য মঈনুস সুলতান



প্রথমায় ভিড়: প্রথমা প্রকাশনের স্টলে গতকাল সকাল থেকেই ছিল ক্রেতাদের ভিড়। বিকেলে স্টলে বসে কিশোর উপন্যাস বাগানবাড়ি রহস্যর কপিগুলোতে ক্রেতাদের অনুরোধে স্বাক্ষর দিচ্ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি বললেন, ‘মুদ্রণশিল্পে কম্পিউটার আসায় যেমন বিপ্লব ঘটেছে, তেমনি নৈরাজ্যও সৃষ্টি হয়েছে। আগে যখন হাতে কম্পোজ হতো, তখন প্রতিটি প্রেসেই অভিজ্ঞ কম্পোজিটর ও প্রুফরিডার ছিলেন। এখন তা নেই। প্রতিটি প্রকাশনীর বইতে বানান ভুল রয়েছে। পৃথিবীর সব দেশেই ভালো বইয়ের পাশাপাশি নিম্নমানের বইও প্রকাশিত হয়, কিন্তু ভুল বানানের বই প্রকাশিত হয় না। আমাদের প্রকাশকদের পাণ্ডুলিপি সম্পাদনা এবং বানান সংশোধনের প্রতি গুরুত্ব দিতে হবে।’

গল্পসমগ্র–১ পারভেজ হোসেন
গল্পসমগ্র–১ পারভেজ হোসেন

প্রথমায় গতকাল দুটি নতুন বই এসেছে। সৈয়দ শামসুল হকের উপন্যাস দোয়েল নামের মেয়েটি এবং শিল্পী কাইয়ুম চৌধুরীর কবিতার বই হাতের ছোঁয়ায় রোদের শিহরণ। এ ছাড়া মঈনুস সুলতানের ভ্রমণকাহিনি আকাশ রাজ্য, কামাল চৌধুরীর কবিতা পান্থশালার ঘোড়া বইটিও ভালো বিক্রি হচ্ছে বলে বিক্রয় প্রতিনিধিরা জানালেন।
নতুন বই: একাডেমির তথ্যকেন্দ্রের দেওয়া তালিকা অনুসারে গতকাল নতুন বই এসেছে ২৬৩টি। কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ছিল বুকস ফেয়ার থেকে মামুন অর রশীদের প্রবন্ধ ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য, দি রয়েল পাবলিশার্স থেকে সোহরাব পাশার কবিতা মেঘ নিয়ে বাড়ি ফেরা, পারভেজ মুর্শেদের উপন্যাস ওকলাহোমা, উন্মোচন থেকে মাসকাওয়াথ আহসানের রম্য উপন্যাস প্যাসেজ টু হেভেন, কাকলী থেকে দন্ত্যস রওশনের শিশুতোষ গল্প দিতান ও পল্টু, বুকস ফেয়ার থেকে ড. মুহম্মদ আবদুল হাই ঢালীর দর্শনবিষয়ক নীতিবিদ্যা আদর্শনিষ্ঠা ও পরা নীতিবিদ্যা, উৎস থেকে দেওয়ান গোলাম মোর্তজার জীবনীগ্রন্থ ভাসানী জীবনের অলিখিত অধ্যায়, বটেশ্বর বর্ণন থেকে আখতার হুসেনের শিশুতোষ গ্রন্থ আমাদের মিমি, সমাচার থেকে ড. অরুণ কুমার লাহিড়ির ধর্মবিষয়ক শ্রীমদ্ভগবত গীতা: আত্মমুক্তির পথ, ঐতিহ্য থেকে বুলবুল সরওয়ারের ভ্রমণকাহিনি ঝিলামে যখন ছিলাম, ড. সুলতানা জেসমিনের গবেষণা বাংলাদেশের শিক্ষানীতি ও নারীশিক্ষা, রোদেলা থেকে কাজী আলিম-উজ-জামানের গল্প ভালোবাসার হরেক রং, গতিধারা থেকে মোহাম্মদ নূরুল ইসলাম মনজুরের মুক্তিযুদ্ধবিষয়ক বাংলাদেশের মুক্তিযুদ্ধে দক্ষিণাঞ্চল, ইত্যাদি থেকে বিনয় মিত্রের মুক্তিযুদ্ধবিষয়ক মুক্তিযুদ্ধের ইতিহাস সত্য অসত্য অর্ধসত্য।

নকশা  ১০০ রান্না: ইলিশ
নকশা ১০০ রান্না: ইলিশ

অনুষ্ঠান: মেলা মঞ্চে বিকেলে ছিল রাধারমণ দত্ত: মৃত্যুশতবার্ষিকী-বিষয়ক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন শুভেন্দু ইমাম। আলোচনা করেন মাহফুজুর রহমান, বিশ্বজিৎ রায় ও নৃপেন্দ্রলাল দাশ। সভাপতিত্ব করেন মোহাম্মদ সাদিক। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।