ছুটির দিনে জনস্রোত বাণিজ্য মেলায়

রোকেয়া সরণির মুখ থেকে আইডিবি ভবন পর্যন্ত সড়কের দুই পাশে স্থবির হয়ে আছে যানবাহনের সারি। ফুটপাত ধরে হেঁটে জনস্রোত এগিয়ে যাচ্ছে বাণিজ্য মেলা প্রাঙ্গণের দিকে। মেলার প্রবেশপথ আর টিকিট কাউন্টারগুলোর সামনেও মানুষের ঢল। ভেতরেও তিলধারণের ঠাঁই নেই। এরপরও দর্শনার্থীদের চোখ-মুখের ভাষা বলে দিচ্ছিল, এই বিপুল জনসমাগমও তাদের আনন্দ-উচ্ছ্বাস কমাতে পারেনি।
এটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল শুক্রবারের বিকেলের দৃশ্য। সীমিত বিনোদনকেন্দ্রের এ শহরে সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয় মেলা। বছরের প্রথম দিনে শুরু হয়েছে এই মেলা।
গতকাল সন্ধ্যায় কথা হলো এ মেলাকে উপলক্ষ করে পাবনা থেকে আসা মতিউর রহমানের সঙ্গে। সঙ্গে ছোট ভাই আমিরুল ইসলাম আর বোন সোহানা তাবাসসুম। মেলায় ঢোকার আগে মূল ফটকের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন তাঁরা। এত দেরিতে ঢোকার কারণ জানতে চাইলে মতিউর রহমান বললেন, ‘ইচ্ছে করেই দেরিতে আসা। রাতেই তো মেলার আসল সৌন্দর্য। আর ভিড়ই যদি না থাকবে তাহলে সেটা কিসের মেলা।’
মতিউর রহমান বললেন, নির্দিষ্ট কোনো কিছু কেনার জন্য তাঁরা মেলায় আসেননি। আন্তর্জাতিক মেলা কেমন হয়, এর পরিবেশ কেমন, কী কী জিনিসপত্র এখানে পাওয়া যায়, সেগুলো দেখাই আসল উদ্দেশ্য। এর মধ্যে কিছু পছন্দ হলে কিনে ফেলবেন।
মেলায় ঘুরতে ঘুরতে কথা হলো রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা কয়েকজনের সঙ্গে। যাঁদের অধিকাংশই দলবেঁধে এসেছেন। এঁদের প্রায় প্রত্যেকেই বললেন, নির্দিষ্ট কোনো কিছু কেনার পরিকল্পনা তাঁদের নেই। ভিড়টাও খারাপ লাগছে না। বরং বেড়াতে এসে অনেক পরিচিত মানুষের দেখা পেয়ে ভালোই লাগছে।
মেলায় সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ল গৃহস্থালিপণ্যের স্টলগুলোতে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বললেন, স্টিল, সিলভার ও আয়রনের তৈরি এসব পণ্যের চাহিদা বেশি থাকার কারণে এবারের মেলায় এ রকম ৭০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশের পর স্টলে এগিয়ে আছে ইরান, পাকিস্তান, ভারত ও তুরস্ক। এগুলো ছাড়া থাইল্যান্ড, মিয়ানমার ও চীনের স্টলও রয়েছে। এর সবগুলোতেই আছে আকর্ষণীয় ছাড়ের ঘোষণা।
বনশ্রী থেকে আসা গৃহবধূ ফরিদা হোসেন বললেন, ‘বাড়িতে সারা বছরের জন্য যেসব তৈজসপত্র লাগে তার সবটা বাণিজ্য মেলা থেকেই কেনা হয়। কিছু কিনে রাখি উপহার দেওয়ার জন্য।’
এ ছাড়া প্লাস্টিকসামগ্রী, দেশি-বিদেশি তৈরি পোশাক, আসবাব ও শৌখিন পণ্যের প্রায় সব স্টল-প্যাভিলিয়নেও ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভিড়।
বিক্রয়কর্মীদের মতে, আগের বছরের তুলনায় এবারের বাণিজ্য মেলায় বেচাবিক্রির পরিমাণ সন্তোষজনক। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় এবং মেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় দর্শনার্থীদের সংখ্যাও এবার অনেক বেশি।