ছুটির দিনে জনস্রোতে ভাসল বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

বাবলু মুহুরির দুই হাতে দুই ব্যাগ। একটিতে বেড কভার, কুশন এসব, অন্যটিতে রান্নাঘরের জিনিসপত্র। তাঁর পেছনে স্ত্রী ছবি মুহুরি ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মুক্তি মুহুরি। ছোট-বড় ব্যাগ তাঁদের হাতেও। গতকাল শুক্রবার সন্ধ্যায় পরিবারটির সঙ্গে দেখা হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। জনস্রোতে মিশে হাঁটছিলেন তাঁরা।
সাপ্তাহিক ছুটির দিনে গতকাল বিপুল জনস্রোত নেমেছিল বাণিজ্য মেলায়। বিশেষ করে দুপুরের পর থেকে উড়োজাহাজ মোড়ে রোকেয়া সরণির মুখ থেকে আইডিবি ভবন পর্যন্ত পুরো সড়ক যানবাহন আর মানুষের ভিড়ে প্রায় স্থবির হয়ে পড়ে। মেলায় প্রবেশপথ আর টিকিট কাউন্টারগুলোর সামনে ছিল দর্শনার্থীদের দীর্ঘ সারি। বেলা যত বেড়েছে, মানুষের সমাগমও তত বেড়েছে। ছুটির দিনে বেড়াতে যাওয়ার মনোভাব নিয়ে সপরিবারে লোকজন মেলামুখী পথ ধরেছিলেন। তাই এত ভিড়।
শুধু যে ঢাকা শহরের বিভিন্ন মহল্লা থেকে লোকজন মেলায় এসেছেন তা নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও লোকজন এসেছেন মেলায় বেড়ানো আর কেনাকাটার জন্য। যেমন বাবলু মুহুরি। মেলা ঘুরে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছিলেন পশ্চিম পাশের ফোয়ারার পাশের চত্বরে। তাঁর বাড়ি নওগাঁয়। সেখানে অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক। বললেন, মেলা উপলক্ষেই গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। উঠেছেন মোহাম্মদপুরে আত্মীয়ের বাড়িতে। দুপুরের খাবারের পর সপরিবারে এসেছেন মেলায়। ছবি মুহুরি বললেন, রান্নাঘরের সরঞ্জামই কিনেছেন বেশি। এসব জিনিসই নওগাঁয় তেমন ভালো মানের পাওয়া যায় না। মেয়ের পরীক্ষা শেষ। বেড়ানোর বায়না করছিল। তো বেড়ানোও হলো, মেলায় কেনাকাটাও হলো।
মেলায় ঘুরে দেখা গেল, এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো অনেক দোকানের সাজসজ্জার কাজ শেষ হয়নি। বিশেষ করে ইরান, ভারত, পাকিস্তান, তুরস্ক—এসব বিদেশি প্যাভিলিয়নে এখনো মেঝেতে টাইলস বসানো, পণ্য সাজানোর জন্য তাক করতে হাতুড়ি-পেরেকের ঠুকঠাক চলছে। বড় বড় প্যাকিং বাক্স খুলে কারুকাজখচিত আসবাব নামানো হচ্ছে এসব বিদেশি প্যাভিলিয়নে। তবে দেশি প্রতিষ্ঠানগুলোর স্টলের সাজসজ্জা শেষ হয়েছে। লোকসমাগমও প্রচুর।
মেলার দর্শকদের সঙ্গে কথা বলে জানা গেল, নির্দিষ্ট কোনো কিছু কেনার পরিকল্পনা নিয়ে তাঁরা আসেননি। মূল উদ্দেশ্য বেড়ানো। নতুন কী জিনিসপত্র এল, দরদাম কেমন—এসব যাচাই-বাছাই করা। পছন্দ হলে কিছু কেনাকাটা করা। এ রকমই জানালেন যাত্রাবাড়ী থেকে আসা দুই ভাই এনামুল হক ও আবদুর রহমান। তাঁদের একটি ছোট প্যাকেজিং কারখানা আছে। স্ত্রী-সন্তানদের নিয়ে মেলায় এসেছেন জুমার নামাজ আদায় করে। এনামুল ১ হাজার ৮০০ টাকায় কিনেছেন একটি ব্লেজার। রহমান কিছু কেনেননি। পরিবারের নারীরা কিনেছেন সবজি কাটা ও মাংস কিমা করার একটি সেট। বাচ্চাদের কিনে দিয়েছেন খেলনা। মেলায় ঘুরেফিরে সন্ধ্যায় হাজির বিরিয়ানির স্বাদ নিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন।
যত লোকসমাগম হয়েছে, সেই তুলনায় দেখা গেল কেনাকাটা কম। প্রতিটি স্টলেই বিশেষ মূল্যছাড়ের ছড়াছড়ি। ‘একটি কিনলে দশটি ফ্রি’—এমনও ঘোষণা আছে। এসব দেওয়া হচ্ছে ম্যাজিক চুলা নামের একধরনের বৈদ্যুতিক চুলার ক্ষেত্রে। ২০ থেকে ২২ হাজার টাকায় প্রকৃত দামে এসব চুলা কিনলে তার সঙ্গে পাওয়া যাবে মাইক্রোওভেন, পানির ফিল্টার, প্রেশার কুকার—এমন ডজন খানেক জিনিস। দর্শনার্থীরা এসব পরখ করে দেখছেন। তবে সারাক্ষণ ভিড় লেগেই আছে সবজি কাটার সামগ্রীর স্টলগুলোর সামনে। বিক্রেতারা রাশি রাশি আলু, গাজর, পেঁয়াজ, মুলা, পাতাকপি ইত্যাদি হরেক রকম আকারে কেটে ও কুচি কুচি করে দেখাচ্ছেন অতি দ্রুত কাটাকুটির কেরামতি। স্বাভাবিকভাবেই নারী দর্শকেরাই আগ্রহী বেশি। এসব কাটাকুটির সেট বিকোচ্ছেও যথেষ্ট। পুরো সেটের দাম এক হাজার টাকা।
মেলার পরিবেশ মন্দ নয়, তবে গতকাল মানুষের চাপে চলাফেরা কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছিল। এই নিয়ে অসন্তুষ্টি জানালেন আইডিয়াল হোম বিল্ডার্স নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের পরিচালক ইজাজ ইলাহি। তিনিও স্ত্রী-সন্তানদের নিয়ে এসেছিলেন মেলায় মূলত বেড়ানোর উদ্দেশ্যেই। বললেন, ‘শুক্রবার ভিড় হবে ভেবেছিলাম, তবে এত লোক হবে ভাবিনি। দুই সারি দোকানের ভেতরে চলাচলের যে জায়গা রাখা হয়েছে, তা আরও বাড়াতে হবে। ভবিষ্যতে মেলা কর্তৃপক্ষের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।’
ঢাকা মহানগরে জনসংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সাধারণ মানুষের বিনোদনের সুযোগ-সুবিধাও এই নগরে পর্যাপ্ত নয়। বাণিজ্য মেলার মতো আয়োজনে তাই ছুটির দিনে মানুষের ঢল নামে। গৎবাঁধা জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে এসে কিছুটা অন্য রকম সময় কাটিয়ে ফেরেন তাঁরা।