ছুটির দিনে জমে উঠেছিল নাট্যোৎসব
‘অনেক দিনের ইচ্ছে সার্কাস সার্কাস নাটকটি দেখব। কিন্তু সময়-সুযোগ হয়নি। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে নাটকটি মঞ্চস্থ হবে শুনে চলে এলাম। উৎসবের এই একটা সুবিধা, পছন্দের নাটক দেখার সুযোগ মেলে।’ সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার করিডরে দাঁড়িয়ে বলছিলেন ধানমন্ডির ফকরুল জনি। গতকাল শনিবার তিনি জাতীয় নাট্যশালায় এসেছিলেন মুক্তিযুদ্ধের নাট্যোৎসবে নাটক দেখতে। ‘সময়ের প্রয়োজনে’ শিরোনামে মুক্তিযুদ্ধের নাট্যোৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। ছুটির দিন সন্ধ্যায় নাট্যামোদী দর্শকদের সমাগমে আনন্দঘন হয়ে উঠেছিল উৎসব কেন্দ্রের পরিবেশ। জাতীয় নাট্যশালায় ছিল প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক সার্কাস সার্কাস। বেশ কিছুদিন বিরতির পর নাটকটির আবার নিয়মিত মঞ্চায়ন শুরু হলো। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আজাদ আবুল কালাম। এটি প্রাচ্যনাটের চতুর্থ প্রযোজনা।বাস্তব ঘটনার প্রেক্ষাপট নিয়ে নাটকটির কাহিনি। ‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’-এর এককালে নামডাক ছিল প্রতিষ্ঠাতা লক্ষ্মণ দাসের কারণে। তার ভাই সাধন দাস এখন বহু কষ্টে দলটি চালিয়ে নিচ্ছে। নাটকটির শুরুতে দেখানো হয়েছে, কিছু মৌলবাদী সংগঠন ধর্ম-সামাজিকতার দোহাই দিয়ে সার্কাস প্রদর্শনে বাধা দেয়। সাধন দাস বিপাকে পড়ে যায়। চারদিক থেকে নানা চাপ আসতে থাকে তার ওপর। একদিন দলের এক কর্মী নিখোঁজ হয়। সুযোগ বুঝে মৌলবাদী সংগঠনটি গভীর রাতে হামলা চালায় সার্কাস দলে। আগুন ধরিয়ে দেয় প্যান্ডেলে। পুড়ে মারা যায় তিন কর্মী। মারা যায় কিছু জীবজন্তুও। পুড়ে যায় দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের সর্বস্ব। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনি।নাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদ, সাহানাজ জেরিন সাত্তার, সাহানা রহমান, রুবাইয়া মঞ্জুর, সাইদুর রহমান, তৌফিকুল ইসলাম, শাহেদ আলী প্রমুখ।পরীক্ষণ থিয়েটারে উৎসবের অন্য নাটক কথা-৭১ মঞ্চস্থ করে ঢাকা পদাতিক। প্রতিদিন দুটি করে নাটক হচ্ছে উৎসবে।পালাকারের ‘মৃত্তিকা কুমারী’ দীর্ঘদিন পর আবার মঞ্চে এল পালাকারের নাটক মৃত্তিকা কুমারী। গতকাল শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হলো। লোককাহিনি অবলম্বনে মৃত্তিকা কুমারীর রচনা ও নির্দেশনায় ছিলেন আমিনুর রহমান।নাটকে দেখা যায়, একজন কুমার, তাঁতি ও বণিক দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছে বউয়ের খোঁজে। কোথাও তারা মনের মতো বউ খুঁজে পায়নি। ঘুরতে ঘুরতে এক বনে গিয়ে পৌঁছায় তারা। নিজেদের মতো করে একটি নারীমূর্তি তৈরি করল সবাই মিলে। হঠাৎ করে বনদেবতা কুমারী মূর্তিতে প্রাণ দান করলেন। বনের মধ্যে একজন কুমারীকে নিয়ে নতুন জটিলতা তৈরি হলো। এটি ছিল পালাকারের স্টুডিও প্রযোজনা। পরে তা মঞ্চ-উপযোগী করে পুনর্নির্মাণ করা হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাহিদা শারমিন, শামীম সাগর, শাহরিয়ার খান, কাজী ফয়সল প্রমুখ।ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকীর প্রদর্শনীগতকাল শনিবার ছিল ড. মুহম্মদ শহীদুল্লাহর ১২৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাঙালি সমগ্র জাদুঘর এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে এলিফ্যান্ট রোডের জাদুঘর কার্যালয়ে। প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন জনের কাছে লেখা মুহম্মদ শহীদুল্লাহর চিঠি, তাঁর রচিত ও সম্পাদিত বই, তাঁকে নিয়ে লেখা বই, তাঁর ব্যবহার্য জিনিসপত্র এবং আলোকচিত্র। আলোকচিত্রগুলোর মধ্যে আছে প্যারিসে তোলা ছবি, পরিবারের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তোলা ছবি, এমনকি ১৯২৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের ইউনিট ক্যাবিনেটে তোলা ছবিও। ১৫ দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে ২৪ জুলাই। খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।গতকাল সকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সূচনায় শহীদুল্লাহর রচনা থেকে পাঠ করা হয়। স্বাগত বক্তৃতা করেন আতিকুল হক চৌধুরী। ‘ড. মুহম্মদ শহীদুল্লাহর ভাষা ও সমাজভাবনা’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ আবদুল কাইউম। স্মৃতিচারণা করেন জাতীয় অধ্যাপক এম আর খান ও ভাষাসৈনিক আহমেদ রফিক।কাল শুরু ‘নদী ও জীবন’ প্রদর্শনীধানমন্ডির দৃক গ্যালারির তৃতীয় তলায় কাল সোমবার শুরু হচ্ছে আলোকচিত্রী কবির হোসেনের ‘নদী ও জীবন’ শীর্ষক একক প্রদর্শনী। প্রদর্শনীতে ৪৪টি আলোকচিত্র থাকবে। ১৭ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা প্রদর্শনী চলবে।