ছুটির দিনে জমে উঠেছে চট্টগ্রামের আবাসন মেলা
চট্টগ্রামে আবাসন মেলা জমে উঠেছে। মেলা শুরুর প্রথম দুই দিনের তুলনায় গতকাল শুক্রবার ক্রেতা ও আগ্রহীদের ভিড় বেড়েছে। তবে বৃষ্টির কারণে মেলার কিছুটা ছন্দোপতন ঘটেছে বলে জানিয়েছেন মেলায় অংশ নেওয়া আবাসন প্রতিষ্ঠানগুলোর বিক্রয়কর্মীরা।
চার দিনব্যাপী অষ্টম আবাসন মেলার তৃতীয় দিনে গতকাল ছিল ‘কিডস ডে আউট’। মেলার এই আলাদা কর্নার বিকেল থেকেই শিশুদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। তাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করা হয়।
এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শক দল গতকাল বিকেলে মেলায় অংশ নেওয়া বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেছে। এ সময় প্রতিষ্ঠানগুলোর প্রকল্প অনুমোদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। অনুমোদন না থাকায় তিনটি প্রতিষ্ঠানের স্টল বরাদ্দ বাতিল করে মেলা কমিটি।
এবারের মেলায় ৬৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে আবাসন প্রতিষ্ঠান রয়েছে ৪৭টি, নির্মাণসামগ্রীর প্রতিষ্ঠান ১৬টি এবং চারটি আর্থিক প্রতিষ্ঠান। এবারের মেলার স্লোগান ধরা হয়েছে ‘গুণগত মানে আস্থা নিশ্চিত নিরাপত্তা’।
স্ত্রী-সন্তান নিয়ে নগরের মাদারবাড়ী এলাকা থেকে গতকাল মেলায় এসেছিলেন ব্যবসায়ী শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘মেলায় ফ্ল্যাট বুকিং দেওয়ার ইচ্ছা নেই। তবে এক ছাদের নিচে অনেকগুলো আবাসন কোম্পানির স্টল রয়েছে। এখন আপাতত খোঁজখবর নিচ্ছি।’
মেলায় অংশ নেওয়া দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিক্রয় নির্বাহী নাজিম উদ্দিন ভুঁইয়া বলেন, বৃষ্টির কারণে গত দুই দিন গ্রাহকদের উপস্থিতি অনেক কম ছিল। তবে বন্ধের দিনে গ্রাহকদের উপস্থিতি আশাব্যঞ্জক৷ মেলা উপলক্ষে ফ্ল্যাটের প্রতি বর্গফুটে ২০০ টাকা করে ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরেক আবাসন প্রতিষ্ঠান সিপিডিএলের সহকারী ব্যবস্থাপক মো. রাইসুল ইসলাম বলেন, ‘মেলায় আমাদের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এতে গ্রাহকদের সাড়া পাওয়া যাচ্ছে।’
বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের উপব্যবস্থাপক রনজু আহমেদ বলেন, ‘চট্টগ্রামে আমাদের এখনো কোনো আবাসন প্রকল্প নেই। তবে ভবিষ্যতে এখানে বড় আকারের প্রকল্প নেওয়া হবে। মেলায় এ বিষয়ে চট্টগ্রামবাসীকে ধারণা দেওয়া হচ্ছে।’
এদিকে মেলায় আবাসন প্রতিষ্ঠানের বাইরে অর্থলিগ্নকারী প্রতিষ্ঠান ও নির্মাণসামগ্রীর প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা আগ্রহীদের সামনে তুলে ধরছে।
লংকা-বাংলা ফিন্যান্সের ব্যবসা ব্যবস্থাপক রিয়াদ হোসেন বলেন, ‘ফ্ল্যাট ও প্লট ক্রয়ে আগ্রহী ব্যক্তিরা গৃহঋণের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। তাঁদের আমাদের ঋণের সুবিধাগুলো উপস্থাপন করছি।’ রিয়াদ হোসেন জানান, মেলা উপলক্ষে গৃহঋণে ১ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
এদিকে গতকাল বিকেলে সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খানের নেতৃত্বে একটি পরিদর্শক দল মেলা পরিদর্শন করে।
রিহ্যাবের আবাসন মেলার আহ্বায়ক ইফতেখার হোসেন জানান, যথাযথ কাগজপত্র না থাকায় তিনটি প্রতিষ্ঠানের স্টল বরাদ্দ বাতিল করা হয়েছে। এগুলো হলো ইউএস-বাংলা এসেটস লিমিটেড, হীরাঝিল প্রপার্টিজ লিমিটেড এবং বসুকুঞ্জ লিমিটেড।
ইফতেখার হোসেন বলেন, প্রতিষ্ঠানগুলো তাদের আবাসন প্রকল্পগুলোর নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি।