ছুটির দিনে জাতীয় পতাকা!
ছুটির দিনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে জাতীয় পতাকা উত্তোলন ও হাজিরা খাতায় শিক্ষকদের স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। গত ১০ জুলাই শবে মিরাজ উপলক্ষে ছুটির দিন বরিশালের বাকেরগঞ্জ পাটকাঠী নেছারিয়া সিনিয়র মাদ্রাসা খোলা রাখা হয়। ওই মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হাকিম খানের বিরুদ্ধে এভাবে মাদ্রাসা খোলা রেখে কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে। ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি মো. আবু ইউসুফ বলেন, ‘সভাপতি মাদ্রাসায় আসার জন্য বলেছেন, তাই এসেছি। তবে জাতীয় পতাকা উত্তোলন ও ছুটির দিনে শিক্ষক হাজিরার বিষয়টি সঠিক হয়েছে কি না জানি না।’ মাদ্রাসার অধ্যক্ষ আবুবকর সিদ্দিক বলেন, মাদ্রাসার সভাপতি বলেছেন, তাই মাদ্রাসা খোলা রাখা হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হাকিম খান বলেন, গত বৃহস্পতিবার মাদ্রাসা বন্ধ রেখে শনিবারের বন্ধ বাতিল করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও হাজিরা খাতায় শিক্ষকদের স্বাক্ষর নেওয়ার বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি।