ছুটির দিনে ঢাকা ছিল পরীক্ষার নগর
ছুটির দিন হলেও গতকাল শুক্রবার রাজধানী পরিণত হয়েছিল পরীক্ষার নগরে। তবে পরিবহন ধর্মঘটের কারণে দুপুর পর্যন্ত মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। একই সঙ্গে অসংখ্য ব্যক্তিগত গাড়ি ও রিকশা মূল সড়কগুলোতে নেমে যাওয়ায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ আরও বাড়ে।
বিরোধী দলের হরতালের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এর পাশাপাশি ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও জুডিশিয়াল সার্ভিসের নিয়োগের লিখিত পরীক্ষাও ছিল গতকাল। এসব পরীক্ষার কারণে গতকাল ছুটির দিনে রাজধানীজুড়ে ছিল লাখো মানুষের ভিড়।
তবে পরিবহন ধর্মঘট থাকায় এসব মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। একজন পরিবহনমালিক নেতা খুনের ঘটনায় ডাকা ধর্মঘট সন্ধ্যা পর্যন্ত চলার কথা থাকলেও পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তা দুপুর পর্যন্ত করে সড়ক পরিবহন মালিক সমিতি।
তবে দুপুরের পর বাস নামলেও হাজারো মানুষের জন্য তা পর্যাপ্ত ছিল না। ফলে কষ্ট করেই পরীক্ষা দিতে হলো শিক্ষার্থীদের। অনেকে পায়ে হেঁটেই পরীক্ষার হলে গেছে। তা ছাড়া মূল সড়কের পাশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় পরীক্ষার্থীদের ভিড়ে যান চলাচলের গতি কমে গিয়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
সকাল ১০টায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তাই ঢাকার বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রে যেতে পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। সকালে শেওড়াপাড়ায় অসংখ্য পরীক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু বাসের অভাবে অনেকে হেঁটে বা রিকশায় গন্তব্যে গেছে।
বেলা সোয়া দুইটায় শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। তখনো ছিল দুর্ভোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল বেলা তিনটায়। তখনো একই চিত্র।
এদিকে বিরোধী দল কাল রোববার থেকে আবারও তিন দিনের টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকায় আরও উদ্বেগ বেড়েছে জেএসসি, জেডিসিসহ বিভিন্ন পরীক্ষা নিয়ে। এই অবস্থায় নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ করা যাবে কি না, তা নিয়ে চিন্তিত শিক্ষা প্রশাসন।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা ৪ নভেম্বর থেকে হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তিন দিন পিছিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়। শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও শিক্ষা প্রশাসন পরীক্ষার্থীদের কথা চিন্তা করে হরতাল না দেওয়ার আহ্বান জানালেও বিরোধী দল সেই অনুরোধ রাখছে না।