ছুটির দিনে তুমুল প্রচারণা
কুমিল্লা সিটি কর-পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদ-প্রার্থীরা গতকাল শুক্রবার ছুটির দিনে তুমুল প্রচারণা চালিয়েছেন। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তাঁরা। প্রচারণা চলে গভীর রাত পর্যন্ত। এদিকে প্রতীক বরাদ্দের এক দিন পরই প্রার্থীদের পোস্টারে নগর ছেয়ে গেছে। প্রার্থী ও সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আফজল খান অসুস্থতার কারণে বাসায় থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে তাঁর পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় কাটান স্ত্রী ও ছেলেমেয়ে। সকাল নয়টায় স্ত্রী নার্গিস সুলতানা প্রচারণায় নেমে পড়েন। তাঁর বড় ছেলে মাসুদ পারভেজ খান শাকতলা এলাকায় ও আনজুম সুলতানা সংরাইশ এলাকায় প্রচারণা চালান। সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক সকাল সাড়ে আটটা থেকে নগরের মুন্সেফ কোয়ার্টার, কালিয়াজুরি ও ছোটরা এলাকায় গণসংযোগ করেন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী এয়ার আহমেদ প্রচারণা চালিয়েছেন নগরের মুরাদপুরে। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী আনিসুর রহমান সকালে অশোকতলার ভারুলবাড়িতে নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে চৌয়ারা এলাকায় প্রচারণা চালান। একই দলের আরেক ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী নূর-উর রহমান মাহমুদ মুন্সেফবাড়ি থেকে গণসংযোগ শুরু করেন। শুক্রবার হওয়ায় প্রার্থীরা নগরের বড় মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করেন। মাইক আটক: অনুমোদনহীন মাইক ব্যবহারের অভিযোগে গতকাল মেয়র পদপ্রার্থী নূর-উর রহমান মাহমুদের দুটি, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নিশাত আহমেদ খান, নাসরিন সুলতানা ও হাবিবুস সাইরিনের দুটি করে মাইক আটক করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন মাইক আটকের সত্যতা নিশ্চিত করেন।