ছুটির দিনে দর্শকদের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠে ‘অনির্বাণ একুশে নাট্যমেলা ২০১৭’ এর চতুর্থ দিনে গতকাল শুক্রবার ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ছুটির দিন হওয়ায় বিকেল থেকেই পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন। রাতে মঞ্চস্থ হয় ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক নীলাখ্যান।
গতকাল মেলা প্রাঙ্গণে শিশুদের পছন্দের স্থান ছিল বর্ণবাগান। আর বড়রা ভিড় করেন গণ-উন্নয়ন গ্রন্থাগারের স্টলে। বিকেলে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যায় বসে নজরুলসংগীতের জলসা ও নৃত্যানুষ্ঠান। এরপর বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনির্বাণ থিয়েটারের সদস্য আওয়াল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চলচ্চিত্র সমালোচক আবদুস সবুর। ‘মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্র’ শীর্ষক আলোচনায় অংশ নেন জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক ও দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান।
রাতে উৎসবমঞ্চে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক নীলাখ্যান মঞ্চস্থ হয়। কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান। বেদে সম্প্রদায়ের জীবন-জগৎ নিয়ে নাটকের মূল কাহিনি গড়ে উঠেছে। এতে দেখা যায়, নারী নিষিদ্ধ বলে বিন্তি রানী বেড়ে উঠছিল বালকের বেশে। বেদে দলে তাকে কেন্দ্র করে তৈরি হয় নানামুখী সংকট। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনামী ইসলাম, সুরেলা নাজিম, জেরিন তাসনীম, শাহিনুর প্রীতি, নশিন আদিবা, কানু বাবু প্রমুখ।
নির্দেশক ইউসুফ হাসান বলেন, কাহিনিটির প্রেক্ষাপট বেদেবহর হলেও কবি নজরুল এর মাধ্যমে এমন একটি সর্বজনীন বীজ ভাসিয়ে দিয়েছেন, যা স্পষ্টতই গোটা মানবকুলের সর্বকালকে ছুঁয়ে যায়। নাটকটি ‘বর্ণনাত্মক’ হওয়ায় নামকরণেও ‘আখ্যান’ শব্দটি জুড়ে দেওয়া হয়েছে।
আজ শনিবার উৎসবের পঞ্চম দিনে পরিবেশিত হবে ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক বীরাঙ্গনার বয়ান।