ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউবা বন্ধুর সঙ্গে, আবার কেউ একাই এসেছেন। এই স্টল ওই স্টল ঘুরে ঘুরে ফ্ল্যাটের দরদাম জানছেন তাঁরা। ফ্ল্যাট কেনায় ব্যাংকঋণের ব্যাপারেও খোঁজ নিচ্ছেন। গতকাল শুক্রবার বিকেলে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার’-এ গিয়ে এই চিত্র দেখা গেছে। নগরের র্যাডিসন ব্লু হোটেলের মেজবান হলে গত বুধবার এ মেলা শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গত দুই দিনের তুলনায় গতকাল দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেক বেশি।
নগরের বহদ্দারহাট থেকে মেলায় আসা ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ৫০-৬০ লাখ টাকার মধ্যে নাসিরাবাদ ও পাঁচলাইশ এলাকায় ফ্ল্যাট খুঁজছেন তিনি। একদম রেডি রেডি (এখনই থাকার উপযোগী) ফ্ল্যাট পেলে কিনবেন তিনি।
মেলায় আসা দর্শনার্থী, রিহ্যাবের কর্মকর্তা ও বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলশী, নাসিরাবাদ, আমিরবাগ, মেহেদীবাগ, পাঁচলাইশ ও জামালখান এলাকার ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। এসব প্রকল্পের ফ্ল্যাটের দামও তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে আছে। তাঁদের মতে, এসব এলাকায় হাতের নাগালের মধ্যে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি স্বাস্থ্যসেবা পাওয়া যায়।
নগরের অভিজাত এলাকা হিসেবে খ্যাত খুলশীতে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে আবাসন প্রতিষ্ঠান কনকর্ড। প্রতিষ্ঠানটির অবশ্য ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাট নেই। তারপরও তাদের প্রকল্পের বড় আকারের ফ্ল্যাটের ব্যাপারে ক্রেতাদের আগ্রহের কমতি নেই বলে জানান ব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ ফয়সল ইসলাম। তিনি বলেন, মূলত উচ্চবিত্ত শ্রেণির লোকজনই তাঁদের গ্রাহক। মেলায় এ পর্যন্ত ছয়টি ফ্ল্যাট বিক্রি হয়েছে তাঁদের।
জুমাইরা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপক (কাস্টমার রিলেশনস) কাজী আলী আকবর প্রথম আলোকে বলেন, নগরের আমিরাবাগ, সুগন্ধা, চকবাজার, মুরাদপুর, হিলভিউ ও নাসিরাবাদ এলাকায় সাতটি প্রকল্প রয়েছে তাঁদের। এসব প্রকল্পে সর্বনিম্ন ১ হাজার ৩০০ থেকে সর্বোচ্চ ২ হাজার ৬০০ বর্গফুটের প্রায় ২০০ ফ্ল্যাট রয়েছে। তবে গ্রাহকদের আগ্রহ বেশি নাসিরাবাদ, সুগন্ধা, হিলভিউ, আমিরবাগ এলাকার ফ্ল্যাটের ব্যাপারে। তিনি বলেন, গত কয়েক বছরের মন্দা কাটিয়ে আবাসন খাত আবার চাঙা হয়ে উঠছে। এবার বড় আকারের ফ্ল্যাটের দাম গতবারের তুলনায় কিছুটা কম।
নগরের মাদারবাড়ি এলাকার বাসিন্দা জুনায়দুল হক বন্ধুকে নিয়ে এসেছিলেন মেলায়। তিনি বলেন, জামালখান, আলকরণ অথবা নন্দনকানন এলাকায় ৩৫ থেকে ৫০ লাখ টাকায় ফ্ল্যাট খুঁজছেন তিনি।
নগরের ২ নম্বর গেট এলাকায় সাফ আর্কেডিয়া প্রকল্প বাস্তবায়ন করছে আবাসন প্রতিষ্ঠান সাফ হোল্ডিংস। আবাসিক কাম বাণিজ্যিক এ প্রকল্পে সাড়ে ৯০০ থেকে ১ হাজার ৪০০ বর্গফুটের ৫০টি অ্যাপার্টমেন্ট রয়েছে। গ্রাহকদের সাড়া পাচ্ছেন বলে জানান সাফ হোল্ডিংসের সহকারী মহাব্যবস্থাপক মো. হারুন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণ এক অঙ্কে নেমে এসেছে। বাজারে ভুঁইফোড় আবাসন প্রতিষ্ঠানের দাপটও কমে এসেছে। ফ্ল্যাট কেনে প্রতারিত হওয়ার আশঙ্কাও খুব একটা নেই। এসব কারণে মানুষের মধ্যে ফ্ল্যাট কেনার আগ্রহ সৃষ্টি হয়েছে। ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের দাম গত বছরের তুলনায় কিছু বাড়লেও তা সহনীয় পর্যায়ে রয়েছে।
এদিকে মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও। আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের সেলস টিম ম্যানেজার মোহাম্মদ আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠান থেকে সাধারণত ১৫ থেকে ২০ বছর মেয়াদি গৃহঋণ দেওয়া হয়। মেলায় আসা লোকজন গৃহঋণের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের কর্মকর্তা জাবের আহমেদও একই কথা জানান।
রিহ্যাবের চট্টগ্রাম অঞ্চলের প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির আহ্বায়ক এ এস এম আবদুল গাফফার মিয়াজী প্রথম আলোকে বলেন, প্রথম দুই দিনের তুলনায় শুক্রবার তিন গুণ বেশি দর্শক মেলায় এসেছেন।
রিহ্যাবের এই মেলা আজ শনিবার পর্যন্ত চলবে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। এবার মেলায় ৮টি আর্থিক প্রতিষ্ঠান, ১০টি বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠানসহ ৭২টি প্রতিষ্ঠানের মোট ৯০টি স্টল রয়েছে।