নির্বাচনের আগে ছুটির দিনের শেষ শুক্রবার ছিল গতকাল। এ উপলক্ষে সকাল থেকেই নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে বের হন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা ও বিএনপির মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক। তাঁদের সমর্থনে উভয় দলের কেন্দ্রীয়, স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা বিরামহীনভাবে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।
৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আরও আছেন জেএসডির (রব) শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশিদ। সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টায় কুমিল্লা নগরের ২৫ থেকে ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আঞ্জুম সুলতানা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারওয়ার ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই। বিকেলে নগরের ২১ নম্বর ওয়ার্ডের ইয়াছিন মার্কেট ও টমছমব্রিজ এলাকায় উঠান বৈঠক করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের সহধর্মিণী হনুফা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মো. ওমর ফারুক।
সন্ধ্যায় নগরের কান্দিরপাড় এলাকায় জনসংযোগ করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন। এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কাজী জাফর উল্লাহ ও সদস্যসচিব এ কে এম এনামুল হক শামীমও প্রচারণায় রয়েছেন।