ছুটির দিনে কাজ করার বিপরীতে দ্বিগুণ মজুরি দাবি করে গতকাল মঙ্গলবার প্রায় পাঁচ ঘণ্টা কাজ বন্ধ রাখেন চট্টগ্রাম বন্দরের কনটেইনার পণ্য সরবরাহের কাজে নিয়োজিত মার্চেন্ট শ্রমিকেরা। সকাল ১০টায় কাজ বন্ধ করার পর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে বেলা তিনটায় কাজ শুরু করেন তাঁরা।বন্দর সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে কাজ বন্ধ রাখায় কনটেইনার সরবরাহ নিতে আসা সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মীরা বিপাকে পড়েন। বিভিন্ন ইয়ার্ডে পণ্য সরবরাহ নিতে ট্রাক এনে রাখলেও অলস বসে থাকতে হয় ট্রাকশ্রমিকদের। এ পরিস্থিতিতে বন্দর ভবনে বেসরকারি অপারেটর, শ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বন্দরের কর্মকর্তারা। বৈঠকে আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়। এর পরই শ্রমিকেরা কাজে যোগ দেন।বন্দর সূত্রে জানা গেছে, কাজ বন্ধ করে দেওয়া মার্চেন্ট শ্রমিকদের নিয়োগ দেয় বেসরকারি অপারেটররা। পণ্য সরবরাহের কাজের জন্য আমদানিকারকের প্রতিনিধি হিসেবে সিঅ্যান্ডএফ এজেন্টরা বেসরকারি অপারেটরদের বিল পরিশোধ করে।মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ প্রথম আলোকে বলেন, বেসরকারি অপারেটরদের সঙ্গে চুক্তি অনুযায়ী ছুটির দিনে দ্বিগুণ মজুরি পরিশোধ করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এ কারণে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেন।বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, কাজ বন্ধ রাখায় পণ্য সরবরাহের কাজ সামান্য বিলম্ব হয়েছে।এ প্রসঙ্গে বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমদানিকারক থেকে বিল পাওয়ার শর্তে শ্রমিকদের মজুরি ছুটির দিনে দ্বিগুণ দেওয়ার চুক্তি আছে। আমদানিকারকেরা সেই হারে বিল দিলে আমাদের দিতে আপত্তি নেই।’সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম প্রথম আলোকে বলেন, কয়েক ঘণ্টা কাজ বন্ধ রাখায় প্রায় ৪০০ কনটেইনার খুলে পণ্য সরবরাহ করা যায়নি।শ্রমিকেরা জানান, প্রতিটি ২০ ফুট দীর্ঘ কনটেইনার খুলে পণ্য সরবরাহের কাজের জন্য বার্থ অপারেটররা পান এক হাজার ৪০০ টাকা। এই টাকা থেকে ১০ জন শ্রমিক পান ৯০০ টাকা।