ছুটির দিনে নানা আয়োজন
৭ এপ্রিল শুক্রবার
নাটক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা সোয়া সাতটায় নাটক অন্তবিহীন মঞ্চস্থ হবে। নাটকটি পরিবেশন করবে ভারতের কার্টেন কল। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১৭ উপলক্ষে এই নাট্যোৎসবটির আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। একই উপলক্ষে ময়মনসিংহের অন্বেষা থিয়েটারের পরিবেশনায় সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটক ভানু সুন্দরী মঞ্চস্থ হবে।
থিয়েটারের (বেইলি রোড) পরিবেশনায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় নাটক মুক্তি মঞ্চস্থ হবে।
চলচ্চিত্র
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে বিকেল সাড়ে তিনটায় চলচ্চিত্র আগুনের পরশমণি প্রদর্শন করা হবে।
প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার গ্যালারি জুমে পটুয়া নাজির হোসেনের ‘বাঘের দেশে বৈশাখ’ শীর্ষক ২৯তম একক পটচিত্র প্রদর্শনী। পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে মোট ২৪টি পটচিত্রে রয়েল বেঙ্গল টাইগার, কামার, কুমার, জেলে, তাঁতি, বাউল, ফকির ও মাঝির চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
প্রয়াত চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর স্মরণে এমিটি নামে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি টোয়েন্টি ওয়ান। এতে মোট ৩৪টি শিল্পকর্ম প্রদর্শন করা হবে। কাল শনিবার প্রদর্শনীর শেষ দিন। দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
উত্তরার ৪ নম্বর সেক্টরের (বাড়ি নম্বর-২০ ও রোড নম্বর ১৬) গ্যালারি কায়ায় বিকেল পাঁচটায় ১৯ জন শিল্পীর দলগত প্রদর্শনী ‘মুখ ও মুখোশ প্রদর্শনী-৭’ এর উদ্বোধন। ১৮ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
ধানমন্ডির (বাড়ি নম্বর-৪ ও রোড নম্বর-৬) গ্যালারি চিত্রকে ১১ জন শিল্পীর ৬০টি চিত্র নিয়ে প্রদর্শনী চলছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী ২০ এপ্রিল পর্যন্ত চলবে।
মোহাম্মদপুরের ১/১১ ইকবাল রোডের কলা কেন্দ্রে শিল্পী মুন রহমানের ‘ফেস টু ফেস’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী ২৪ এপ্রিল পর্যন্ত চলবে।
৮ এপ্রিল শনিবার
নাটক
সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় নাটক কাল রাত্রি মঞ্চস্থ হবে। নাটকটি পরিবেশনা করবে পদাতিক নাট্য সংসদ।
গান
দ্য ডেইলি স্টার সেন্টারে (লেভেল-৩) স্টার ম্যালোডিস: ঐতিহ্যবাহী লোকসংগীতের আসর। সন্ধ্যা ছয়টায়।
চলচ্চিত্র
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে বেলা দুইটায় চলচ্চিত্র ৭১-এর যিশু প্রদর্শন করা হবে।