ছুটির দিনে নানা আয়োজনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর ২১, শুক্রবার
বইমেলা: ‘কৈশোর তারুণ্যে বই’-এর উদ্যোগে পাঁচ দিনের বইমেলা। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে। মেলায় শিশু-কিশোরদের বই পড়া, দেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের যৌথ অংশগ্রহণে ছাত্রছাত্রীদের বই পড়া, নিজের গল্প বলার আয়োজনসহ নানা কর্মসূচি রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সংগীত: আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ন্যুভেল ভ্যাগ মিলনায়তনে আজ সন্ধ্যা ছয়টায় শিল্পী শুভ্রা দেবনাথের একক রবীন্দ্রসংগীত সন্ধ্যা। পেশায় শিক্ষক শিল্পী শুভ্রা দেবনাথ মিসর, তুরস্ক ও নেপালে গান গেয়ে বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
প্রদর্শনী
বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী নবম জাতীয় দেয়াল পত্রিকা উৎসব ও প্রতিযোগিতা। আজ প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। শনিবার সন্ধ্যা ছয়টায় সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব। কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বর, শাহবাগ।
শিল্পী মনসুর উল করিমের ২৬তম একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ইপোক’। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। আজ প্রদর্শনীর শেষ দিন। গ্যালারি-২১, তাজ লিলি গার্ডেন, ৭৫১ সাতমসজিদ রোড, ধানমন্ডি।
বাংলাদেশের বিশিষ্ট ১২ জন শিল্পীর অংশগ্রহণে ‘১২ জয়ন্তীর জলছবি’ শিল্পকর্ম প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারি-৪-এ। অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়নকেন্দ্র আয়োজিত এ প্রদর্শনী আজ শেষ হবে। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী কামরুজ্জামানের একক শিল্প প্রদর্শনী ‘রুটেড ইন সয়েল’। প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা। রোববার বন্ধ। প্রদর্শনীটির মূল ভাবনা—মানুষের সঙ্গে প্রকৃতির জটিল সম্পর্ক। শিল্পী রেজাউন নবীর সপ্তম একক ‘মেটামরফিক-ন্যাচারালি ট্রান্সফরমড’ শীর্ষক প্রদর্শনী। জলরং, অ্যাক্রিলিক, তেলরঙে আঁকা ৪০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। শেষ হবে ২৮ অক্টোবর। গ্যালারি কসমস, ভিলা দো আঞ্জুমান, বাড়ি-১১৫, লেন-৬, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২১২।
নাটক
গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ আয়োজিত গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৬ শুরু হবে আজ। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু। প্রতিদিন তিনটি করে নাটক প্রদর্শিত হবে। আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে হ-য-ব-র-ল ও ভারতীয় দলের নাটক ঈপ্সা। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের ঈর্ষা। আর স্টুডিও থিয়েটারে কণ্ঠশীলনের নাটক যা নেই ভারতে।
বিজ্ঞান মেলা: ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক বিজ্ঞান মেলা ২০১৬, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। নওয়াব আলী অডিটোরিয়াম, বাড়ি-৯৬, রোড-১১/এ, ধানমন্ডি।

অক্টোবর ২২, শনিবার
প্রদর্শনী
ওয়েডিং অ্যান্ড পোট্রে৴ট ফটোগ্রাফি কনফারেন্স অ্যান্ড এক্সপো-২০১৬। ওয়েডিং ফটোগ্রাফি জগতে বিশ্বসেরা ২০০টি ছবি নিয়ে থাকছে প্রদর্শনী। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনী শনিবার শেষ হবে। থ্রিডি হল (তৃতীয় তলা), কৃষিবিদ ইনস্টিটিউট, খামারবাড়ি, ফার্মগেট।
সংগীত: ভারতের শিল্পী অমিতাভ মুখার্জির একক সংগীত পরিবেশনা। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ছয়টায়, শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। অমিতাভ মুখার্জি কলকাতার গৌড়ীয় নৃত্য ভারতীর অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক।
অতুল প্রসাদ সেনের স্মরণে তাঁর গীতিসম্ভার নিয়ে সংগীতানুষ্ঠান ‘মম মনের বিজনে’। গান শোনাবেন লাইসা আহমেদ লিসা ও সিফায়েত উল্লাহ। ডেইলি স্টার-বেঙ্গল প্রিসিঙ্কট আয়োজিত এই সংগীতানুষ্ঠান শুরু সন্ধ্যা ছয়টায়। ডেইলি স্টার ভবন, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার।
নাটক
গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ আয়োজিত গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে আজ সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে বিবর্তন, যশোর নাট্যদলের নাটক রাজা প্রতাপাদিত্য। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে সময় নাট্যদলের শেষ সংলাপ। আর স্টুডিও থিয়েটারে চারুনীড়ম নাট্যদলের ডেড পিকক।
এ ছাড়া উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্বে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বহ্নিশিখা, সুরসাগর ললিতকলা একাডেমি, কণ্ঠশীলন, স্বরশ্রুতি দলীয় আবৃত্তি, সংগীত, নৃত্য ও পথনাটক পরিবেশনা করবে।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত