ছুটির দিনে নানা আয়োজনে
২৮ অক্টোবর, শুক্রবার
মেলা
‘নজরুলসংগীত শিল্পী পরিষদ’-এর আয়োজনে শুরু হয়েছে তিন দিনের ‘নজরুল মেলা-২০১৬’। বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ মেলার দ্বিতীয় দিন সংগীত পরিবেশন করবেন সুজিত মোস্তফা এবং কাল শনিবার সমাপনী দিনে গান শোনাবেন ইয়াসমিন মুশতারী। মেলাস্থলে থাকছে বেঙ্গল ফাউন্ডেশন, নিমফিয়া, অ্যাডর্ন পাবলিকেশনস, নজরুল ইনস্টিটিউট, এনএসএসপি ও লেজার ভিশনের স্টল।
সাংস্কৃতিক অনুষ্ঠান
ইএমকে সেন্টারের পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টসের চার বছর পূর্তি উপলক্ষে ‘শারদ উচ্ছ্বাস চতুর্থ বর্ষপূর্তি’ অনুষ্ঠান। বটতলা নাট্যদলের মধুশিকারি নাটক, কবিতা আবৃত্তি, পল্লী বাউল উন্নয়ন সংস্থার বাউলগানের আসর। বিকেল সাড়ে চারটায় শুরু। মাইডাস সেন্টার(লেভেল ৯), বাড়ি ৫, রোড ২৭, ধানমন্ডি।
গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ আয়োজিত গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে প্রাচ্যনাট দলের কইন্যা। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) সোনাইমাধব। আর স্টুডিও থিয়েটারে নাট্যকেন্দ্র দলের বন্দুক যুদ্ধ ও গাধার হাট। এই উৎসব ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। নাটক শুরু প্রতিদিন সন্ধ্যা সাতটায়।
সংগীত
শিল্পী প্রমোদ দত্তের একক সংগীত পরিবেশনা। সন্ধ্যা সাড়ে ছয়টায়, বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
‘রবিরশ্মি’র ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘আঁধারে জ্বলিছে ধ্রুবতারা’ শীর্ষক রবীন্দ্রসংগীত-সন্ধ্যা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
উৎসব
গীতাঞ্জলী ললিতকলা একাডেমির প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে দুই দিনের সাংস্কৃতিক উৎসব। গীতাঞ্জলী সম্মাননা পদক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চনাটক। বিকেল পাঁচটায়, ক্ষুদ্র ও কুটিরশিল্প ইনস্টিটিউট অডিটরিয়াম, বাড়ি ২৪/এ, রোড ১৩/এ, সেক্টর ০৬, উত্তরা। শনিবারও উৎসব একই সময়ে শুরু হবে।
শিল্পী মাকসুদুল আহসানের ২৫ বছরের নির্বাচিত শিল্পকর্মের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন বিকেল পাঁচটায়। ৫ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে রাত আটটা। জাতীয় চিত্রশালা (গ্যালারি ৪), বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
তরুণ শিল্পী জয়দেব বিশ্বাসের ‘কারুশিল্পের নান্দনিকতা’ শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনী চলবে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
চলচ্চিত্র
ঢাকার চলচ্চিত্রের ৬০তম বর্ষপূর্তি উদ্যাপন। সংগীত পরিবেশনা, আলোচনা, চলচ্চিত্রের কোলাজ, চলচ্চিত্রের দুর্লভ স্মারক প্রদর্শনী, সন্ধ্যা ছয়টায়, নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি, বাংলাদেশ জাতীয় জাদুঘর।
২৯ অক্টোবর, শনিবার
অ্যালবামের মোড়ক উন্মোচন
কিরণ চন্দ্র রায়ের গাওয়া পদাবলি কীর্তনের অ্যালবাম মেঘ যামিনী সিডির মোড়ক উন্মোচন। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পী গান শোনাবেন সন্ধ্যা ছয়টায়। ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট, ডেইলি স্টার ভবন, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ।
নাটক
গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সুবচন নাট্যসংসদের প্রণয় যমুনা। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে মহাকার নাট্য সম্প্রদায়ের নাটক নীলাখ্যান। আর স্টুডিও থিয়েটারে মৈত্রী থিয়েটার দলের পাখী।
গ্রন্থনা: আহমেদ দীপ্ত